অনিয়মকারী যে-ই হোক ব্যবস্থা নিতে হবে: ডিসিদের সমাজকল্যাণমন্ত্রী
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে কোনো অনিয়ম যেন না হয় এবং যে-ই অনিয়ম করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
রোববার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এ কার্য অধিবেশন হয়।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের কী নির্দেশনা দেওয়া হয়েছে- সাংবাদিকদের প্রশ্নে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো অনিয়ম যেন না হয়। যে-ই অনিয়ম করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”
স্ট্রোকে প্যারালাইজড, ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ও জন্মগত হৃদরোগীদের ভাতাপ্রাপ্তি সহজ করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা।
এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা এই ধরনের রোগীদের ৫০ হাজার টাকা দেই। ঢাকা থেকে এই টাকা দেওয়া হয়। টাকা প্রাপ্তি সহজ করার জন্য এখন জেলায় জেলায় ডিসিদের মাধ্যমে বিতরণ করব। খুব তাড়াতাড়ি সভা করে এক মাসের মধ্যেই ব্যবস্থা নেব।”
বনাঞ্চল সংলগ্ন ইটভাটা বন্ধের নির্দেশ
দেশের পরিবেশ ও বনজ সম্পদ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বনাঞ্চলের সন্নিকটবর্তী ইটভাটা বন্ধের নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, “বনের দুই কিলোমিটার এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করা আইনসম্মত নয়।
বনাঞ্চলের সন্নিকটবর্তী ইটভাটা বন্ধ এবং ইটের ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার বন্ধের বিষয়ে সহযোগিতার জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে।
“অবৈধ ইটভাটা স্থাপন করে পরিবেশ দূষণ করা হচ্ছে। এসব অবৈধ ইটভাটা চিরতরে বন্ধ করে দিতে হবে। এটা আইনেই রয়েছে। অবৈধ কোনো ইটভাটা থাকতে পারবে না। বনের দুই কিলোমিটারের মধ্যে কোনো শ’ মিল থাকতে পারবে না। এগুলো উচ্ছেদ করে দিতে হবে। ডিসিদের মাধ্যমে এসব অবৈধ জিনিস উচ্ছেদ করার অনুরোধ জানিয়েছি।”
