২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফন গায়ে ‘স্বৈরাচারের’ প্রতি ঘৃণা

এরশাদবিরোধী আন্দোলনে নিহতদের নাম লেখা প্রতীকী কাফনের কাপড় গায়ে  ‘স্বৈরশাসকের’ মৃত্যুদিনে ঘৃণা জানাল ছাত্র ইউনিয়ন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2019, 10:46 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে এই সংগঠনের ছয়জন কর্মীকে এই প্রতিবাদে অংশ নিতে দেখা যায়।  

তাদের কাফনের কাপড়ে লেখা ছিল- ‘আমি জয়নাল, এরশাদের স্বাভাবিক মৃত্যু আমার রক্তের সাথে প্রতারণা’, ‘আমি নূর হোসেন, এরশাদ আমার খুনি’, ‘আমি তাজুল ইসলাম, আমার খুনি এরশাদের স্বাভাবিক মৃত্যু চাইনি’, ‘আমি দীপালী সাহা, এরশাদ আমার খুনি’, ‘আমি রাউফুন বসুনিয়া, আমার হত্যাকারীর বিচার কই?’ এবং ‘আমি ডা. মিলন, আমার খুনি এরশাদের স্বাভাবিক মৃত্যু আমি চাইনি’। 

সকালে সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর প্রকাশের পর তার প্রতি ঘৃণা জানাতে এই কর্মসূচি নেওয়া হয়।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়েজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোনোভাবেই এরশাদের স্বাভাবিক মৃত্যু চাইনি।

“কারণ তার শাসনামলে তিনি যেসব কুকর্ম করেছেন বিশেষ করে ছাত্র রাজনীতি ধ্বংসের যে অপপ্রচার চালিয়েছেন এবং তার সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা শহীদ হয়েছিল, সেসবের কোনো বিচার হয়নি।”

তারা এরশাদকে ‘হিরো’ হিসেবে দেখতে চান না জানিয়ে এই ছাত্রনেতা বলেন, “স্বৈরাচারের বিচার হয়নি- পৃথিবীর কোনো দেশেই এমন নজির নেই। সেক্ষেত্রে আমরা দেখেছি, স্বৈরাচার এরশাদকে সামনে এনে তার কুকীর্তিগুলো ঢেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করে গেছে।

“আমরা চাই না এই সময় তাকে হিরো হিসেবে দেখানো হোক, বরং তার সেই সময়ের কুকীর্তিগুলো সামনে নিয়ে আসা হোক।”

অবৈধভাবে ক্ষমতা দখলের পর ১৯৮৩ সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম সরব প্রতিবাদ হয়। এই সমাবেশে গুলিতে প্রাণ হারান জাফর, জয়নাল, দীপালী সাহা।

এই স্বৈরাচার প্রতিরোধ দিবসের দুই বছর পূর্তির প্রস্তুতিকালে রাতে এক মিছিলে গুলি বর্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাউফুন বসুনিয়া।     

বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে এরশাদবিরোধী মিছিলে শামিল হয়েছিলেন নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

এরশাদবিরোধী আন্দোলনের মধ্যে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে গুলি চালিয়ে হত্যা করা হয় জাসদ নেতা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. মিলনকে।

এদের আত্মদানের মধ্যে দিয়ে তীব্রতর হয় স্বৈরাচারবিরোধী আন্দোলন। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। 

স্বৈরশাসক পতন আন্দোলনে শহীদ হওয়া নূর হোসেন, রাউফুন বসুনিয়ার আবক্ষ মূর্তি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গড়ে তোলা হয় ডা. মিলনের স্মৃতিস্তম্ভও। জিরো পয়েন্টের নামকরণ হয় নূর হোসেন চত্বর।