২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-শিশু নির্যাতন দমন আইন কঠোর করার পদক্ষেপ নেবেন প্রতিমন্ত্রী ইন্দিরা

নারী-শিশু নির্যাতন দমন আইন কঠোর করতে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2019, 03:54 PM

Updated : 18 Aug 2022, 05:31 PM

প্রতিমন্ত্রী হিসেবে রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন।

নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলার প্রেক্ষাপটে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কী ভূমিকা রাখবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে ফজিলাতুন নেসা বলেন, “সবাইকে একত্রে মিলে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে।

“সামাজিক ও সংস্কৃতিক কর্মী যারা আছেন, যেসব সংগঠন আছে, আমার মিলে যদি সচেতনতা গড়ে তুলতে পারি তবে নারী নির্যাতন বলেন, শিশু নির্যাতন বলেন, সবকিছু প্রতিরোধ করতে পারব।”

নারী ও শিশু নির্যাতন দমন আইন আরও কঠোর করার কথা প্রধানমন্ত্রী সংসদে বলেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নতুন প্রতিমন্ত্রী বলেন, “অবশ্যই, আইনটি কঠোর করার জন্য তা সংসদে নিয়ে আসা হবে।

“এই আইনটি সংশোধনের জন্য এককভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব পাঠাবে না। এখানে আইন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় মিলেই আইনটি করা হবে। কীভাবে কতটুকু কী করা হবে তা আপনারা জানতে পারবেন।”

নতুন প্রতিমন্ত্রী হওয়ার প্রতিক্রিয়ায় ইন্দিরা বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর আমার জেলা মুন্সিগঞ্জে স্বাধীনতার নেতৃত্বদানকারী দলের সরকারে কোনো মন্ত্রী ছিল না। এবারই প্রথম আমাদের মুন্সিগঞ্জ জেলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

“সেজন্য আমরা মুন্সিগঞ্জবাসী খুবই আনন্দিত।এত বছর পর একটা জেলা থেকে এই প্রথম একজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় জনগণের সঙ্গে আমিও আনন্দিত।”

এতদিন প্রধানমন্ত্রী নিজেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেখভাল করে আসছিলেন।শনিবার প্রতিমন্ত্রী ‍হিসেবে শপথ নেন ফজিলাতুন নেসা।

মুন্সীগঞ্জের মেয়ে ইন্দিরা ইডেন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। টানা তৃতীয়বার সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে রয়েছেন তিনি।

পুরনো খবর:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ইন্দিরা, প্রবাসীতেই ইমরান