ক্ষতিপূরণ চান রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তরা
চুক্তির নির্ধারিত সময়ে ফ্ল্যাট বাসযোগ্য করে বুঝিয়ে দিতে না পারায় উত্তরায় নির্মাণাধীন ‘রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প’র ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তরা পিডব্লিউডি নির্ধারিত মাসিক বাসা ভাড়া হারে ক্ষতিপূরণ চেয়েছে।
তা না হলে প্রকল্পের মেয়াদ বাড়ানোয় ফ্ল্যাটের মূল্যের অর্থের বাকী চার কিস্তি সুদবিহীনভাবে আট কিস্তিতে পরিশোধের দাবি জানানো হয়েছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতি’র এক সংবাদ সম্মেলন এ দাবি করা হয়।
ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের সাথে রাজউকের চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট ‘ব্যবহার উপযোগী’ করে বুঝিয়ে দেওয়ার কথা।
কিন্তু নির্ধারিত সময়ের পর আড়াই বছর পার হতে চললেও ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়নি। এতে বরাদ্দপ্রাপ্তরা আর্থিক ক্ষতিসহ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এছাড়াও সংবাদ সম্মেলনে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের কিস্তি পরিশোধের তথ্য তুলে ধরে বলা হয়, “নির্মাণাধীন সময়ে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের ৬ লাখ ৭১ হাজার টাকা করে চারটি কিস্তি এবং ফ্ল্যাট নিরাপদ বাসযোগ্য ও নাগরিক সুবিধাসহ তা বুঝিয়ে দেওয়ার পর সাড়ে ৯ শতাংশ সুদসহ ৭ লাখ ১ হাজার টাকা করে আরও চারটি কিস্তি পরিশোধ করার কথা।”
সমিতির সভাপতি মো. হামিদুর রহমান বলেন, “প্রায় ৩০ মাস (প্রকল্পের নির্ধারিত মেয়াদের পর) ধরে বরাদ্দপ্রাপ্তরা প্রতি মাসে গড়ে ২৮ হাজার টাকা করে বাসা ভাড়া দিতে হচ্ছে। তাতে বরাদ্দপ্রাপ্ত প্রত্যেকের প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
“তাই প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত রিয়েল এস্টেট আইন ২০১০ অনুযায়ী ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের পিডব্লিডির জারি করা নির্ধারিত হারে মাসিক বাড়ি ভাড়ার ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
“নইলে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের সাড়ে ৯ শতাংশ সুদ যোগ করে বাকি যে চারটি কিস্তি পরিশোধ করতে হবে, সে চারটি কিস্তি সুধবিহীনভাবে ৮টি কিস্ততে পরিশোধের সুযোগ দেওয়র দাবি জানাচ্ছি।”
এর পক্ষে যুক্তি তুলে ধরে হামিদুর রহমান বলেন, “চুক্তি অনুযায়ী নির্মাণাধীন সময়ের জন্য ৬ লাখ ৭১ হাজার টাকা করে সুদবিহীন চারটি কিস্তি আমরা পরিশোধ করেছি। এই চারটি কিস্তি যেসব বরাদ্দপ্রাপ্তরা নির্ধারিত সময়ে পরিশোধ করতে পরেননি, পরে তাদের সুদসহ পরিশোধ করতে হয়েছে।
“নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ করতে না পারায় সরকারকে যদি আমাদের বাড়তি সুদ দিতে হয় তাহলে সরকার তো চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। প্রকল্প শেষ করতে হয়েছে তাহলে আমরা কেন সেই সুবিধা পাব না?”
২০১২ সালে সরকার উত্তরা ১৮ নম্বর সেক্টরের এ ব্লকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ শুরু করে।
প্রকল্পের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, “নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে এমন অভিযোগ বিভিন্ন সময়ে তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। কিন্তু সেসব বিষয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “২০১৬ সালের নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে না পারলেও পরের চার কিস্তি পরিশোধের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাই কোর্টে একটি রিট আবেদন করেছিলাম ১১ জন ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত।
“সে রিটে শুনানি করে আদালত চলতি বছরের নভেম্বর পর্যন্ত আবেদনকারীদের কিস্তি পরিশোধ স্থগিত করেছিলেন। কিন্তু যারা এ মামলায় পক্ষভুক্ত হননি তাদেরকে কিস্তি পরিশোধ করতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে।”
