২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাততলার জানালা দিয়ে পালাতে গিয়ে পড়ে শিশু গৃহকর্মী আহত

ঢাকার ধানমণ্ডির একটি বহুতল ভবনের সাত তলার একটি ফ্ল্যাটের টয়লেটের জানালা দিয়ে রশি বেয়ে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু গৃহকর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2019, 10:20 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

আহত ১১ বছরের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ পা উরুতে ভেঙেছে, মাথায়ও আঘাত পেয়েছে শিশুটি। শিশুটি শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার সকালে তার সঙ্গে একইভাবে ওই বাসা থেকে পালাতে চেয়েছিল ১২ বছর বয়সী আরেক গৃহকর্মী। তবে ওই শিশুকে পড়ে যেতে দেখে ছয়তলার জানালা ধরে দাঁড়িয়ে যায় সে।

এ ঘটনায় তাদের গৃহকর্তা গোলাম কিবরিয়া, তার স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম জানিয়েছেন।

“তাদের বিভিন্ন অজুহাতে নির্যাতন করা হত এবং বাসা থেকে বের হতে দিত না বলে শিশুরা অভিযোগ করেছে,” বলেন তিনি।

দুই শিশুর পালানোর চেষ্টা নিয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া বলেন, সকালে দুই গৃহকর্মী ধানমন্ডি ১৪/এ সড়কের একটি ১৩তলা ভবনের সপ্তম তলার বাসার বাথরুমের জানালা দিয়ে পালাতে গিয়ে একজন নিচে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ১০টার দিকে গিয়ে ষষ্ঠ তলার জানালা ধরে দাঁড়িয়ে থাকা অপর শিশুকে উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৃহকর্তা কিবরিয়ার গাড়িচালক মো. খায়রুল মিয়া জানান, দুজনই সপ্তম তলায় কিবরিয়ার বাসায় কাজ করত। আহত শিশুটি ৮-১০ দিন আগে ওই বাসায় আসে। অপরজন বছরখানেক ধরে সেখানে আছে।

কাস্টমসের সাবেক কর্মকর্তা কিবরিয়ার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। সেখানে তার ইটের ভাটা রয়েছে। আহত শিশুটির বাড়িও ওই এলাকায়।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি সাংবাদিকদের বলে, “ওই বাসার লোকজন মারধর ও বকাঝকা করতেন, বাসার বাইরে যেতে দিতেন না। তাই পালাতে চেয়েছিলাম।”