আওয়ামী লীগ নেতা আউয়ালকে দুদকে জিজ্ঞাসাবাদ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
আউয়ালকে জিজ্ঞাসাবাদের বিষয়টি সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় তাকে তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে দুদকে হাজির হননি আউয়াল।
দুদক কর্মকর্তারা জানান, এ কে এম আউয়ালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, অবৈধভাবে সেতু-ফেরিঘাট ইজারা দেওয়াসহ টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
পিরোজপুর-১ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুইবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন আউয়াল।
