২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্র-শনিবারও সচল থাকছে দুদক

নির্ধারিত সময় শেষ হওয়া দুর্নীতি দমন কমিশন- দুদকের সব অনুসন্ধান ও তদন্ত ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশনার মধ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার খোলা থাকবে দুর্নীতি বিরোধী সংস্থার কার্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2019, 08:09 PM

Updated : 08 Apr 2022, 04:25 PM

ওই দুই দিন দুদকের প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও ২২টি সমন্বিত জেলা কার্যালয় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদকের এক আদেশে বলা হয়, দুদকের সব অনুন্ধান ও তদন্ত কর্মকর্তাকে তাদের অনুসন্ধান ও তদন্ত শেষ করে ১৫ জুলাইয়ের মধ্যে কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।

দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের সই করা ওই আদেশে বলা হয়, “দুদকের যেসব অনুসন্ধান ও তদন্তের সময় ইতোমধ্যে অতিক্রম হয়েছে তা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য দুদক চেয়ারম্যান কঠোর নির্দেশনা প্রদান করেন।

“মেয়াদোত্তীর্ণ অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন প্রন্তুত করার স্বার্থে আগামী শুক্রবার ও শনিবার অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে গত ২ জুলাই কমিশনের প্রতিটি অনুসন্ধান ও তদন্ত ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

কর্মকর্তাদের ওই নির্দেশনা দিয়ে তিনি বলেছিলেন, “এর ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারও গাফিলতি কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য কমিশন ন্যূনতম সহ্য করবে না।"

দুর্নীতি দমন কমিশন সংশোধিত বিধিমালা (২০ জুন, ২০১৯) অনুসারে ৪৫ কার্যদিবসের মধ্যে অনুন্ধান এবং ১২০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে।