ইন্টারনেট নিরাপদ রাখতে এখন প্রযুক্তিগতভাবে সক্ষম: জব্বার
ইন্টারনেট নিরাপদ রাখতে বাংলাদেশ প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র আয়োজিত ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন: ইন্টারনেট সেবা প্রদানকারীদের অধিকার ও কর্তব্য শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী একথা জানান।
মোস্তাফা জব্বার বলেন, “প্রযুক্তি দিয়ে সংগঠিত অপরাধ প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে হবে। ইন্টারনেট থেকে শিশুদের সরানো যাবে না বরং শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ রাখতে হবে। ইন্টারনেট নিরাপদ রাখতে বাংলাদেশ প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করছে। পাশাপাশি শিশুদের জন্য ইন্টারনেট নিরপদ রাখতে প্যারেন্টাল গাইডেন্স ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেয়া হবে।”
দেশে তথ্যপ্রযুক্তি বিকাশে ‘অভাবনীয় রূপান্তর’ হয়েছে দাবি করে তিনি বলেন, রাষ্ট্র, সমাজ, পরিবার বা সন্তানের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনটা খুব প্রয়োজন ছিল। এটা এখন প্রমাণিত হয়েছে।
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং পর্নোগ্রাফি আইনটি ডিজিটাল নিরাপত্তা আইনের সংযুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “যারা ইন্টারনেট সেবা দিবে তাদেরকে প্রচলিত আইনের আওতায় না আনলে নাগরিকদের নিরাপদ রাখা সম্ভব নয়।”
মন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বড় উদ্বেগের কারণ। তবে সরকারের সফল প্রচেষ্টায় ফেইস বুক কর্তৃপক্ষ আমাদের সংস্কৃতি ও কৃষ্টি এবং প্রচলিত আইন মেনে কন্টেন্ট প্রকাশে সম্মত হয়েছে।
“ভবিষ্যতে ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুরূপ ভূমিকা রাখতে সরকারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
টেলিযোগাযোগমন্ত্রী ২২ হাজার পর্নসাইট বন্ধ করাসহ নির্বাচনকালীন সময়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রীয় স্পর্শকাতর প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে ব্যবহৃত ৭ শতাধিক ফেইক আইডি বন্ধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, “নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজার সঞ্চালনায় অনুষ্ঠানে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি আলিমুজ্জামান, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, টিডিএইচ নেদারল্যান্ডসের কান্ট্রি ডাইরেক্ট মাহমুদুল কবির এবং বিটিআরসি কমিশনার ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
