বাণিজ্য বাড়াতে পিটিএ হচ্ছে ভুটানের সঙ্গে
পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও ভুটান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) চূড়ান্ত করতে যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত সোনাম তোবদেন রাবগির প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা সাংবাদিকদের জানান।
প্রেস সচিব বলেন, ভুটানের রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, পহেলা বৈশাখের উৎসবকে তিনি উপভোগ করেছেন।
স্বাধীন বাংলাদেশকে প্রথম ভুটানের স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটান বাংলাদেশের হৃদয়ে স্থান করে আছে।
ভুটানে বেশ কয়েকবার সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা দেশটির সঙ্গে আন্তঃযোগাযোগ বাড়ানোর উপর জোর দেন।
“ভুটান আমাদের বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে,” বলেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।
