জলবায়ু তহবিলে অর্থ ছাড়ে দাতাদের উদ্যোগী হতে বললেন রাষ্ট্রপতি
জলবায়ু পরিবর্তন বিষয়ক তহবিলে অর্থ ছাড়ের ক্ষেত্রে শুধু প্রতিশ্রুতি নয়, উদ্যোগী হতে উন্নত দেশ এবং দাতাসংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একইসঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে আরও উদ্যোগী হওয়ারও আহ্বান রেখেছেন তিনি।
মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা সি হেইনি মঙ্গলবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি জলবায়ু পরিবর্তন বিষয়ক অভিযোজন নিয়ে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন।”
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে হুমকির মধ্যে আছে এবং কম কার্বন নিঃসরণ করে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় কাজ করছে।
আব্দুল হামিদ আরও বলেন, বাংলাদেশ গত এক দশক ধরে প্রতি বছর উন্নয়ন কর্মসূচির আওতায় গড়ে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে।
জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় বাংলাদেশের ‘জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্ট ফান্ড’ গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
গত কয়েক বছরে বিদ্যুৎবিহীন এলাকার গৃহস্থালীতে পাঁচ মিলিয়ন সোলার সিস্টেম বসানোর কথাও উল্লেখ করেন আবদুল হামিদ।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করার জন্য রাষ্ট্রপতি মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তন নিয়ে একযোগে কাজ করতে পারে।
হিলদা সি হেইনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন।
এর আগে বিকালে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্টকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন এডাপটেশন (জিসিএ)’ সম্মেলনে যোগ দিতে ২ দিনের সফরে ঢাকায় এসেছেন মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট।
