২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' মাদক কারবারি নিহত

ঢাকার উত্তরখানে র‌্যাবের মাদকবিরোধী অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2019, 11:04 AM

Updated : 18 Aug 2022, 05:29 PM

সোমবার রাত দেড়টার দিকে উত্তরখানের শহীদনগর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামানের ভাষ্য। 

নিহত আনোয়ার হোসেনের (২৮) গ্রামের বাড়ি কিশোরগঞ্জে; ঢাকায় থাকতেন দক্ষিণখান এলাকায়। তার বিরুদ্ধে মাদক আইনের অন্তত ১৬টি মামলা থাকার তথ্য দিয়েছে র‌্যাব।

কামরুজ্জামান বলেন, শহীদনগর এলাকায় মাদক চোরাকারবারিদের অবস্থান করার খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়।

“তারা ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারিরা গুলি ছোড়ে। র‌্যাবও তখন পাল্টা গুলি চালালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরও ৫/৬ জন আগেই দৌড়ে পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওযা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় সম্পর্কে র‌্যাব নিশ্চিত হয় বলে কামরুজ্জামান জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা ও একটি শটগান উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।