২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান-চাল কেনায় সিন্ডিকেট নেই এবার: খাদ্যমন্ত্রী

এবার ধান-চাল কেনায় কোনো ‘সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য ছিল না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2019, 02:18 AM

Updated : 08 Apr 2022, 04:25 PM

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই দাবি করেন তিনি।

খাদ্যমন্ত্রী জানান, এবারের মতো সুষ্ঠুভাবে ধান কেনা আর হয়নি।

“কোনো সিন্ডিকেট এবার স্থান পায়নি। আমি জোর গলায় বলতে পারি, কোনো দলীয় প্রভাব স্থান পায়নি। কোনো দলীয় প্রভাব এবার পড়েনি। বরং দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করেছে।”

সাধারণ কৃষকেরা সরাসরি খাদ্যগুদামে ধান দিতে পারছেন না বলে এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি কোনো পরামর্শ রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল মন্ত্রীর কাছে।

সংসদ সদস্যরা এলাকায় খাদ্যশস্য ক্রয় কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, “সদস্যদের অনুরোধ করব, আপনাদের এলাকার ধান এখনও কেনা হয়নি, অনেক ধান পড়ে আছে। আপনারা কৃষকদের উদ্বুদ্ধ করে ধানগুলো গোডাউনে দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে কৃষকেরা অনেকখানি লাভবান হবেন।”

বোরো সংগ্রহ অভিযানে এ পর্যন্ত ১৫ লাখ ৯০ হাজার ৯৭০ মেট্রিক টন খাদ্যশস্য সংগৃহীত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল কিনতে পারলেও ধান এখনও কিনতে পারেনি। ৪ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার মধ্যে আমরা এক লাখ টন এখন পর্যন্ত কিনতে পেরেছি। মাননীয় সংসদ সদস্যদের বলবো এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তাহলে আমরা ধান কেনার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।”

দেশের সরকারি খাদ্য গুদামের ধারণক্ষমতা ২১ লাখ ৫ হাজার ৩০০ মেট্রিক টন বলে জানান মন্ত্রী।

ধর্ষণের বিচারে নতুন আইন চান শিরিন

নারী নির্যাতন ও ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আকতার।

জাতীয় সংসদে জরুরি জন গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসে এই দাবি জানান তিনি।

শিরিন বলেন, “অবশ্যই একটি আইন নতুন করে প্রণয়ন করা দরকার, যাতে অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে এই সব নরপিশাচদের বিচার করা যায় এবং বিচারের নামে দীর্ঘসূত্রতা করা যাবে না। প্রত্যেকে মনে করবে এ ধরনের ঘটনা ঘটানো যায় না।”

সেসঙ্গে পাড়া মহাল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান শিরিন।

সাম্প্রতিক সময়ের নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা তুলে ধরে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে শিরিন বলেন, “ছয় মাসে ৬৯৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকে এই রকম একটি অবস্থায় আমাদের সমাজ কোথায় আছে, আমরা কোথায় আছি?

“আমরা আজকে উন্নয়েনর দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সুশাসনের কথা বলছি। আমরা যখন এদিকে এগিয়ে যাচ্ছি, তখন সমাজে কেন এত অধঃপতন? আমাদের অবশ্যই তা বের করতে হবে।”