২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তৃপক্ষের আশ্বাসে অনশন ভাঙল জগন্নাথের আন্দোলনকারীরা

আমরণ অনশনের দ্বিতীয় দিনে ৭ দফা দাবির আন্দোলন থেকে সরে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2019, 12:51 AM

Updated : 08 Apr 2022, 04:25 PM

কর্তৃপক্ষের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে ইতিবাচক সাড়া পেয়ে সোমবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানিয়েছেন তারা।

আন্দোলনকারীদের নেতা রাইসুল ইসলাম নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রশাসনের বক্তব্য মেনে নিয়ে অনশন ভেঙেছি। তবে সময়মতো দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা আবার কঠোর কর্মসূচি দেব।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আলোচনা করেছি। তাদের দাবিগুলো মেনে লিখিত বক্তব্যও দিয়েছি। আর দাবিগুলো মানা মানে, এ কাজগুলো আগে থেকেই করা হচ্ছে।”

গত সোমবার থেকে জকসু নির্বাচনসহ সাত দাবিতে বিক্ষোভ চালিয়ে আসার পর রোববার শহীদ মিনারের সামনে আমরণ অনশনে বসেন একদল শিক্ষার্থী।

‍বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে অনশন ভাঙার অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা।

এদিকে বৃষ্টিতে অনশন চালিয়ে যাওয়ায় মাহফুজুর রহমান নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে সোমবার সকালে পাশের সুমনা হাসপাতালে চিকিৎসা নেন।

এরপর বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ অনশনকারীদের প্রশাসনিক ভবনে নিয়ে যান। সেখানে ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া ও রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করেন আন্দোলনকারীরা।

চার মাসের মধ্যে জকসু নির্বাচন, শিক্ষক নিয়োগের শর্ত শিথিল করে কমপক্ষে ৭০ শতাংশ এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নেওয়া, গবেষণায় বরাদ্দ বাড়ানো, সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমানো ও মান উন্নয়ন, এক মাসের মধ্যে দুই পালায় বাস চালু, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু এবং নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত শুরুর বিষয়ে কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতি চান তারা।

পরে আলোচনা চলাকালেই অনশন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এসব দাবির বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তি পাঠায় কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসুর গঠনতন্ত্র প্রণয়নে গঠিত কমিটি ৪৫ কর্মদিবসের মধ্যে সুপারিশ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন শেষেই ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে।

বাসের ডাবল শিফট চালু অসম্ভব জানিয়ে আগস্টের মধ্যে ১১ টি নতুন বাস সংযোজন করে প্রতিটি রুটে বাসের সংখ্যা দ্বিগুণ করে পরিবহন সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও রয়েছে বিজ্ঞপ্তিতে।

৩০ ডিসেম্বরের মধ্যে ছাত্রী হলে সিট বরাদ্দ প্রদান, শিক্ষক নিয়োগে অভ্যন্তরীন প্রার্থীদের নিয়োগের হার বৃদ্ধির আশ্বাসও দিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কার্যক্রম চলছে ও ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গবেষণা খাতে আর্থিক সংকট নেই, ভবিষ্যতে এখাতে বরাদ্দ আরও বাড়ানো হবে।