২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় শিশুকে শ্বাসরোধে হত্যা 

পুরান ঢাকার ওয়ারীর বনগ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2019, 10:57 AM

Updated : 08 Apr 2022, 04:24 PM

শিশুটির নাম আফরিন সায়মা (৭)। তার বাবা আব্দুস সালাম নবাবপুরের একজন ব্যবসায়ী। সালামের দুই ছেলে, দুই মেয়ের মধ্যে সবার ছোট সায়মা ওয়ারি সিলভারডেল স্কুলে নার্সারিতে পড়ত।

পুলিশ বলছে, শুক্রবার রাতে একটি বহুতল ভবনের নয় তলার ফাঁকা ফ্ল্যাটে সায়মার লাশ পাওয়া যায়। ওই ভবনের ষষ্ঠ তলায় সায়মা তার পরিবারের সঙ্গে থাকত।

ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমিন বলেন, “সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সায়মা তার মাকে বলেছিল, সে উপরে পাশের ফ্ল্যাটের যাচ্ছে একটু খেলতে। সে প্রতিদিন বিকালে নিচে ও ভবনের উপরের ফ্ল্যাটে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে যেত।

“কিন্তু এদিন গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরে ৯ তলায় খালি ফ্ল্যাটের ভেতরে গলায় রশি দিয়ে মুখ বাঁধা রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার।”

পুলিশ কর্মকর্তা নুরুল বলেন, “তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির মুখে রক্ত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”

শিশুটি ধর্ষণের শিকার কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

নুরুল বলেন, এই ঘটনায় ৬ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।