১২ কেজি সোনা উদ্ধারে বিমানের মেকানিক রিমান্ডে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে ১২ কেজি সোনাসহ গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বিমানবন্দর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বুধবার আফজালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই শরীফ হোসেন।
ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মাসকট-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে যাত্রী নামার পর কাস্টমস প্রিভেন্টিভ টিম বিমানে ওঠে। ২২ নম্বর আসনের পেছনে টয়লেটের ভিতরে আফজাল হোসেনের উপস্থিতি দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস প্রিভেন্টিভ টিম।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে টয়লেটে সোনার বার লুকানোর কথা স্বীকার করেন আফজাল। তার স্বীকারোক্তি অনুযায়ী টয়লেটের মধ্যে বিশেষভাবে লুকানো ছয়টি বান্ডল উদ্ধার করা হয়, যার মধ্যে ১১০টি সোনার বার ছিল। এসব সোনার বাজারমূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন জানান, সোনার বারগুলোর মালিক রহমান নামের এক ব্যক্তি। রহমানের সঙ্গে তার ২০১৭ সাল থেকে পরিচয়। বিমান থেকে বারগুলো সংগ্রহ করে হ্যাংগার গেট দিয়ে বের হয়ে মালিকের কাছে হস্তান্তর করার জন্য চুক্তি হয়। আফজাল হোসেন চুক্তি মোতাবেক ইতোপূর্বে একাধিকবার বিমান থেকে সোনা সংগ্রহ করে হ্যাংগার গেট দিয়ে বের হয়ে মালিকের কাছে হস্তান্তর করেছেন।”
