২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট হবে অস্থিরতার কারণ, সতর্ক করলেন গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ না করলে ওই সমস্যা আঞ্চলিক অস্থিরতার কারণ ঘটাতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 11:14 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

আর বিষয়টি এড়িয়ে যেতে চাইলে রোহিঙ্গা সঙ্কট পুরো বিশ্বের জন্যই সমস্যা তৈরি করবে বলে সতর্ক করেছেন তিনি। 

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বুধবার ঢাকায় এক সেমিনারে গওহর রিজভীর এই হুঁশিয়ারি আসে।

তিনি বলেন, “আমরা যদি একসঙ্গে কাজ না করি, তাহলে এটা আঞ্চলিক অস্থিরতার একটি কারণ হয়ে উঠবে।”

ভারতের অর্থনৈতিক পরাশক্তি হওয়ার আকাঙ্ক্ষা আর বাংলাদেশের উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্যের দিকে ইংগিত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “ওই একটা জিনিসই আমাদের সব আশা ধুলিসাৎ করে দিতে পারে।”

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) এবং ভারতের ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস (আইডিএসএ) এর যৌথ আয়োজনে এই সেমিনারে সভাপতিত্ব করেন  বিআইএসএস চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ।

বিআইএসএস এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আবদুর রহমান এবং আইডিএসএ এর মহাপরিচালক সুজন আর, চিনয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনায় রোহিঙ্গা সঙ্কটের প্রসঙ্গটি তোলেন মেজর জেনারেল আবদুর রহমান। ভারতের দিকে ইংগিত করে তিনি বলেন, এ সঙ্কটের সমাধানে বাংলাদেশ তার ‘সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য’ মিত্রদের কাছ থেকেই প্রত্যাশিত সমর্থন পায়নি। 

গওহর রিজভী বলেন, প্রতিটি দেশকেই নিজেদের অনেকগুলো স্বার্থের দিক খেয়াল রাখতে হয়, বিভিন্ন দিকে মনোযোগ দিতে হয়। একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারতেরও নির্দিষ্ট কিছু মনোযোগের জায়গা আছে।   

“এখন আমরা যদি এখানে কিছু বলতে যাই বা কোনো পরামর্শ দিতে চাই, আমার মনে হয়, সেটা ভুল সংকেত দেবে। কিন্তু একটা অবস্থান তো আমাদের নিতে হবে। মিয়ানমারে যা ঘটছে, তাতে পৃথিবীর সব দেশেরই উদ্বিগ্ন হওয়া উচিৎ।”   

২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে দমন অভিযান শুরু করলে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

সেনাবাহিনীর ওই অভিযানে পুড়িয়ে দেওয়া হয় কয়েকশ গ্রাম, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, ধর্ষণের শিকার হন অসংখ্য নারী।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে।

আন্তর্জাতিক চাপে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দেড় বছর আগে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও এখন পর্যন্ত তারা একজনকেও ফিরিয়ে নেয়নি।

গওহর রিজভী বলেন, মিয়ানমারে যা ঘটছে তা নিছক স্থানীয়, জাতিগত বা ধর্মীয় বিবাদের ঘটনা নয়, এটা ‘পরিকল্পিত গণহত্যা’। মিয়ানমার যা চায় এটা তারই বহিঃপ্রকাশ।

“তারা দশকের পর দশক ধরে খুবই পরিকল্পিতভাবে তাদের সংবিধান পরিবর্তন করেছে। রোহিঙ্গাদের তারা রাষ্ট্রহীন মানুষে পরিণত করেছে। এটা রাতারাতি হয়নি। এটা ঠাণ্ডা মাথায় ছক কষে সংখ্যালঘু বিতাড়ণ আর গণহত্যা ছাড়া আর কিছু না।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “হ্যাঁ, রোহিঙ্গা সঙ্কট আজ বাংলাদেশের সমস্যা, কিন্তু আমরা যদি এর সমাধান না করি, প্রতিবাদ না করে আমরা যদি মুখ ঘুরিয়ে বসে থাকি, আগামীকাল এটা পুরো বিশ্বের সমস্যা হয়ে দাঁড়াবে। এটা একটা সতর্কবার্তা।”

মিয়ানমারের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত থাকার বিষয়টি মনে করিয়ে দেয় গওহর রিজভী বলেন, রোহিঙ্গা সঙ্কট ভারতের জন্যও নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। 

“(রোহিঙ্গাদের মধ্যে) জঙ্গিবাদের বিস্তার ঠেকাতে আমাদের সরকার এখন পর্যন্ত খুব ভালো কাজ দেখিয়ে আসছে, কিন্তু কতদিন সেটা পারা যাবে… আমরা জানি না।”