২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি রাখার জায়গা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরানোর নির্দেশ

ঢাকা শহরে রাস্তার পাশের ভবনগুলোতে গাড়ি রাখার জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকান বা অন্য কিছু থাকলে তা অপসারণ করতে ভবন মালিকদের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 09:15 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

ভবন মালিকরা তা অপসারণ না করলে পরবর্তী ছয় মাসের মধ্যে তা অপসারণ করতে রাজউককে নির্দেশ দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে অপসারণের এই খরচ ভবন মালিকের কাছ থেকেই আদায় করতে এবং সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে আদালত।

এ সংক্রান্ত রিট মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

রায়ে আদালত বলেছে, রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী গাড়ি পার্কিংয়ের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকান বা অন্য কিছু থাকলে তা অপসারণে ৩০ দিনের মধ্যে বাংলা ও ইংরেজি দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

সেই সঙ্গে অবৈধ স্থাপনা অপসারণের বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ নিজ এলাকায় মাইকিং করবেন। 

রাজধানীর বিভিন্ন সড়কে অননুমোদিত কার পার্কিং উচ্ছেদ করার পদক্ষেপ নিতেও ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে প্রতি তিন মাস পরপর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। 

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকের করা এক রিট আবেদনে এ রায় এল।

রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী ইমাম হোসেন ও মো. শাহজাহান।

রিটকারী পক্ষের আইনজীবী মনজিল পরে সাংবাদিকদের বলেন, “রাস্তার পাশে যেসব ভবন আছে, সেসব ভবনে রাজউক গাড়ি পার্কিংয়ের জায়গা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক ভবন মালিক ওই জায়গায় দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে ব্যবসা-বাণিজ্য করছে।

“ফলে সেসব ভবনের গাড়িগুলো রাস্তায় রাখতে হচ্ছে। এতে ঢাকা শহরের রাস্তাগুলোতে ভয়াবহ জ্যাম সৃষ্টি হচ্ছে এবং সাধারণ নাগকিদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।”

এ আইনজীবী বলেন, “মামলাটি চলমান রেখে আদালত প্রতি তিন মাস পর পর বাস্তবায়ন প্রতিবেদন দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে। আমরা আশা করি এই ৩০ দিনের মধ্যে তারা অবৈধ স্থাপনা সরিয়ে নেবেন।”

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ওই রুল জারি করে হাই কোর্ট।

রাস্তার পাশে ভবনের অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠান বা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

পূর্ত সচিব, ঢাকার দুই মেয়র, রাজউক চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

সেই সঙ্গে কোন কোন ভবনে কার পার্কিংয়ের জায়গায় নকশা বহির্ভূত স্থাপনা রয়েছে তার তালিকা ৬০ দিনের মধ্যে হাই কোর্টে দাখিল করতে রাজউককে নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশের পর রাজউক গুলশান, বনানী, বারিধারা ও মহাখালী এলাকার কয়েকশ ভবনের তালিকা দাখিল করে।

চার বছর পর সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হল।