২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি ও এসএসসির সূচি প্রকাশ

চলতি বছরের ২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং আগামী বছরের ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করে সূচি প্রকাশ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 07:12 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার এই দুই পরীক্ষার সূচি প্রকাশ করে।

গত কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সেদিন সরকারি ছুটি থাকলে পরীক্ষা নেওয়া হয় পরের দিন থেকে।

এবার ১ নভেম্বর শুক্রবার হওয়ায় ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। জেএসসি পরীক্ষার সূচি অনুসরণ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি প্রকাশ করবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

২০১৮ সালে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ২৫ দিনে (২-২৫ ফেব্রুয়ারি) নেওয়া হলেও ২০২০ সালে এ পরীক্ষা হবে ২২ দিনে।

পাবলিক পরীক্ষা নেওয়ার সময় ধীরে ধীরে আরও কমিয়ে আনা হবে বলে গত কয়েক বছর ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল।

সূচি অনুযায়ী এসএসসিতে সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।