২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ প্রকৌশলীর খোঁজ চায় পরিবার

দুই মাস আগে ঢাকার তেজগাঁও এলাকা থেকে নিখোঁজ এক কম্পিউটার প্রকৌশলীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 06:15 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আতাউর রহমান শাহীনের সন্ধানে তার সন্তানসম্ভবা স্ত্রী তানিয়া আকতার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।

আতাউর তেজগাঁওয়ে বেঙ্গল গ্লাস কোম্পানিতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। গত ২ মে সন্ধ্যার পর অফিসের নিচ থেকে তাকে তুলে নেওয়া হয় বলে পরিবারের সদস্যদের দাবি।

তানিয়া জানান, শাহীনকে তুলে নেওয়ার দৃশ্য ঘটনাস্থলের এক সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

“ওই রাতেই আমরা স্থানীয় থানায় যোগাযোগ করি। এরপর এই ঘটনার বিষয়ে ৩ মে আমার মামা শ্বশুর সাইদুল ইসলাম শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তার সন্ধান না পাওয়ায় ৪ মে আমার ছোট ভাই রবিউল ইসলাম বাদী হয়ে অপহরণ মামলা করেন।”

তানিয়া বলেন, মামলার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে।

“সেই সব ফুটেজে দেখা যায়, ২ মে রাত ৭টা ২২ মিনিটে শাহীন তার সহকর্মী ফারুককে নিয়ে অফিস থেকে বের হন। ফুটপাতে দাঁড়িয়ে তারা দুজনই মোটর রাইড শেয়ারিং কোম্পানির অ্যাপসে রিকোয়েস্ট দেন। শাহীনের সহকর্মী ফারুকের রাইডার আগে চলে আসলে তিনি চলে যান এবং শাহীন ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

“সে সময় ফুটপাতের সামনে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শাহীন ফুটপাতে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন। এ সময় তিনজন লোক এসে তার পেছনে দাঁড়ায়, আর মাইক্রোবাসটি আস্তে আস্তে তার সামনে চলে আসে। তখনও মোবাইল দেখছিলেন শাহীন। কিছু খেয়াল করেননি। মাইক্রোবাসটির ভেতর থেকে একজন দরজা খোলে এবং শাহীনের পেছনে দাঁড়ানো তিনজন তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।”

তানিয়া বলেন, “অসুস্থ অবস্থায় আমি সরকারের বিভিন্ন জায়গায় স্বামীর সন্ধানের জন্য অনুরোধ করি। জাতীয় সংসদের মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, ডেপুটি স্পিকারসহ পুলিশের অনেক কর্মকর্তার সাথে দেখা করি। স্বামীর সন্ধান চেয়ে তাদের অনুরোধ করি। কিন্ত কোনো সন্ধান না পেয়ে জাতীয় মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ করি।”

সংবাদ সম্মেলনে আতাউরের বাবা আব্দুল আউয়াল মণ্ডল বলেন, “ছেলে নিখোঁজ হওয়ার পর আমি র‍্যাবের কাছে যাই। প্রথমে তারা তৎপর ছিল, পরে থেমে গেছে। ডিবিও প্রথমে তৎপর থেকে পরে থেমে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেখছি'।”

আউয়াল বলেন, “এই তদন্ত বার বার থেমে যাচ্ছে, আমরা মনে করছি সরকারি কোনো সংস্থা এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে।”

আতাউরের স্ত্রী তানিয়াও একই সন্দেহের কথা বলেন।

তিনি বলেন, “চাকরি সূত্রে কিংবা পারিবারিকভাবে তার কোনো শত্রু আছে বলে আমার জানা নেই।”

নিজের ও পরিবারের উদ্বেগের কথা তুলে ধরে তানিয়া বলেন, “আমার প্রতিটি ক্ষণ যেন হাজার বছরের চেয়ে বড় হয়ে গেছে, বাসায় ছোট এক সন্তান নিয়ে এক দুর্বিষহ জীবনযাপন করছি।

“আমি এক অন্তঃসত্ত্বা মা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নিকট আকুল আবেদন করি, আমার স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে দিয়ে আমার অনাগত সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখার সুযোগ দিন।”

বাবার সন্ধানের দবিতে সংবাদ সম্মেলনে নয় বছরের তাসদিদ আন নাফি বলেন, “বাবা সেদিন দুপুরে আমাকে ফোন দিয়েছিল। বলেছে সন্ধ্যায় ফিরবে, আর ফেরেনি। আমি আমার বাবাকে খুব মিস করি। বাবাকে তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দাও।”

সংবাদ সম্মেলনে আতাউরের মা সেলিনা বেগম এবং অপহরণ মামলার বাদী রবিউল ইসলামও ছিলেন।

শাহিনকে অপহরণের মামলার তদন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। যতদ্রুত সম্ভব এই ঘটনার সত্য উদ্ঘাটন করতে আমরা চেষ্টা করছি।”