২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু-চিকুনগুনিয়ায় স্বাস্থ্যসেবা দিতে ডিএসসিসির হটলাইন

ডেঙ্গু-চিকুনগুনিয়া হলে স্বাস্থ্যসেবা দিতে এ মাসেই হটলাইন চালু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 11:30 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

Image
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় মশা নিধনে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার কাপ্তান বাজার এলাকায় মশার ওষুধ ছিটাতে দেখা গেল করপোরেশনের এক কর্মীকে। ছবি: আসিফ মাহমুদ অভি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় মশা নিধনে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার কাপ্তান বাজার এলাকায় মশার ওষুধ ছিটাতে দেখা গেল করপোরেশনের এক কর্মীকে। ছবি: আসিফ মাহমুদ অভি

সোমবার রাজধানীর হেয়ার রোডে মশক নিধনে পক্ষকালব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য দেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।  

তিনি বলেন,  “আজ থেকে ১১ জুলাই পর্যন্ত ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে আমাদের মশক নিধনকর্মীরা একযোগে কাজ করবেন।

“এছাড়া ১৫ জুলাই ডিএসসিসি বিশেষ স্বাস্থ্যসেবা হটলাইন চালু করবে। কেউ অসুস্থ হলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।”

মেয়র বলেন,  “অসুস্থ নাগরিকরা সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতাল, চকবাজারের শিশু হাসপাতাল এবং নগর মাতৃসদন কেন্দ্র থেকেও এই সেবা নিতে পারবেন।”

ডেঙ্গু ও চিকুনগুনিয়া  ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে উল্লেক করে এ নিয়ে আতঙ্কিত না হতেও নগরবাসীর প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ এবং ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা।