২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘গায়ে কেরোসিন ঢেলে’ নারীর আত্মহত্যা

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এক তরুণী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 10:42 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রোববার সন্ধ্যায় শর্বরী (২২) নামে ওই নারীর মৃত্যু ঘটে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বামী হোটেল কর্মচারী আবদুল করিমের উপর রাগ করে দুপুরে নিজ ঘরের দরজা লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সে।”

গুরুতর আহত অবস্থায় শর্বরীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছিল।

ভর্তির পর বার্ন ইউনিটের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন দিদার জানিয়েছিলেন, শর্বরীর শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান,  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শর্বরী  মারা যান।

শর্বরীর ভাই সাব্বির হোসেন ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, ক্যাম্পের ৫ নম্বর সেক্টরের একটি ঘরে তার বোন ও ভগ্নিপতি থাকতেন।

শর্বরী বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

সাব্বির বলেন, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে বলে অপবাদ দিয়ে ভগ্নিপতি করিম দীর্ঘদিন ধরে তার বোনের উপর নির্যাতন চালিয়ে আসছিলেন।

“আজ দুপুরেও একই অপবাদ দিয়ে শর্বরীকে মারধর করে সে (করিম) বাসা থেকে বের হয়ে যায়। তখন শর্বরী ঘরের দরজা লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়।”