ঢাকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর গ্রিন রোডের একটি ভবনে সংস্কার কাজ চলার সময় বিস্ফোরণে দগ্ধ চারজনের একজন মারা গেছেন।
রোববার সকাল ৯টার দিকে ৬৫/৬৬ গ্রিনরোডের ‘পারিল গ্রিন’ নামের ভবনে এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এরপর দগ্ধ অবস্থায় মোহাম্মদ রাসেল (৩২), ফয়েজ হোসেন (২০), রাকিব (২০) ও সুমন (১৮) নামে চারজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রাত সোয়া আটটায় রাসেলের মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।
রাসেলের দেহের ৬২ শতাংশ পুড়েছিল।
এছাড়া ফয়েজের দেহের ৪০ শতাংশ, রাকিবের দেহের ৩৭ শতাংশ এবং সুজনের দেহের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনের নিচতলায় রঙয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটলে চারজন দগ্ধ হন।
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কাউকে পায়নি এবং বিস্ফোরণের পর কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।”
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “এখানে বলা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু আমরা এখানে সিলিন্ডারের কোনো আলামত পাইনি। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।”
‘পারিল গ্রিন’ ভবনের একাংশ কমফোর্ট হাসপাতালের তৃতীয় ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পঞ্চম তলায় এডুকেশন কাউন্সেলিং সেন্টার ওয়ার্ল্ড ওয়াইডের কার্যালয় আছে।
ভবনটির নিচ তলায় আর্কটেক নামের একটি ইন্টেরিয়র ফার্মের কার্যালয় ছিল। এখন সেখানে লাইম ডট নামে একটি রান্নাঘরের সামগ্রীর (কিচেনওয়্যার) একটি দোকান গড়ে তোলা হচ্ছে। সেটির অন্দরসজ্জা করতে গিয়ে ‘শর্ট সার্কিট’ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
