গ্রিনরোডে ভবনে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ
রাজধানীর গ্রিনরোডের একটি ভবনে সংস্কার কাজ চলার সময় বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন- মোহাম্মদ রাসেল (৩২), ফয়েজ হোসেন (২০), রাকিব (২০) ও সুমন (১৮)। এরা সবাই শ্রমিক।
রোববার সকাল ৯টার দিকে ৬৫/৬৬ গ্রিনরোডের ‘পারিল গ্রিন’ নামের ভবনে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনের নিচতলায় রঙয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটলে চারজন দগ্ধ হয়।
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কাউকে পায়নি এবং বিস্ফোরণের পর কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।”
দগ্ধ ওই চার শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “রাসেলের শরীরের ৬২ শতাংশ, ফয়েজের ৪০ শতাংশ, রাকিবের ৩৭ শতাংশ ও সুজনের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।”
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) এএফ এম আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে বলা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু আমরা এখানে সিলিন্ডারের কোনো আলামত পাইনি। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
পারিল গ্রিন ভবনের একাংশ কমফোর্ট হাসপাতালের তৃতীয় ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পঞ্চম তলায় এডুকেশন কাউন্সেলিং সেন্টার ওয়ার্ল্ড ওয়াইডের কার্যালয় আছে।
ভবনটির নিচ তলায় আর্কটেক নামের একটি ইন্টেরিয়র ফার্মের কার্যালয় ছিল। এখন সেখানে লাইম ডট নামে একটি রান্নাঘরের সামগ্রী (কিচেনওয়্যার) বিক্রয়ের একটি দোকান গড়ে তোলা হচ্ছে। সেটির অন্দরসজ্জা করতে গিয়ে ‘শর্ট সার্কিট’ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পরিদর্শক আসাদ বলেন, “বেলা সাড়ে ১২টা পর্যন্ত লাইম ডটের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।”
