উবার চালক হত্যা: তিন আসামি রিমান্ডে
রাজধানীর উত্তরায় উবার চালক আরমানকে হত্যার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ রোববার এই রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ জুন রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে একটি গাড়ির ভেতর থেকে আরমানের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় এই হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রাবেয়া খাতুন।
হত্যাকাণ্ডের ১৬ দিন পর শনিবার হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে সজীব (১৮), ঢাকার রামপুরা থেকে আবিদ আল সিজান (২০) এবং উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে শরীফুল ইসলাম (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
রোববার তাদের হাকিম আদালতে হাজির করে প্রত্যাককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মেহেদী হাসান।শুনানি শেষে বিচারক দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তাদের আদালতে তোলার আগে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এক সংবাদ সম্মেলনে বলেন, সিজান একজন ‘পেশাদার ছিনতাইকারী’। এক ব্যক্তিকে আট লাখ টাকায় একটি টয়োটা এলিয়ন গাড়ির ব্যবস্থা করে দেওয়ার চুক্তি করেছিলেন তিনি।
এরপর শরিফ ও সজীবকে এক লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দলে ভেড়ান সিজান। নিউ মার্কেট থেকে কেনা হয় দুটি ছুরি।
“এরপর সিজান উবারের গাড়ির জন্য রিকোয়েস্ট পাঠানো শুরু করেন। পাঁচটি রিকোয়েস্ট পাঠিয়ে একটিও টয়োটা এলিয়ন না পাওয়ায় সবগুলো বাতিল করে দেন। ষষ্ঠ গাড়ি এলিয়ন হওয়ায় সেটি কনফার্ম করেন।”
ওই গাড়িটিই আরমান চালাচ্ছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, “গাড়িটি নিয়ে তারা তিনজন উত্তরার দিকে চলে যায় এবং নির্জন স্থানে গিয়ে আরমানের গলায় ছুরি মেরে হত্যা করে। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা গাড়িটি রেখেই পালিয়ে যায়।”
এক প্রশ্নে তিনি বলেন, উবার অ্যাপে কবির নামের যে রেজিস্ট্রেশন থেকে সিজান গাড়ি ডেকেছিলেন সেটি ছিল ভুয়া।
গাড়ির জন্য কার সঙ্গে সিজান চুক্তি করেছিলেন, তার তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
