২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন সিনেমা: অর্থ ব্যক্তিকে নয়, কোস্পানিকে দিতে নির্দেশ

পুরান ঢাকার মুন সিনেমা হলের জমি ও স্থাপনার মূল্য বাবদ ৯৯ কোটি ২১ লাখ টাকার চেক মাকসুদুল আলমের পরিবর্তে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের অনুকূলে দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 06:36 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

এই সিনেমা হলের মালিকানা নিয়ে মামলার এক পর্যায়েই সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের আলোচিত রায় এসেছিল।

ইতালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমই ছিলেন মুন সিনেমা হলের মালিক।

এই মাকসুদুল আলমের নামে সরকার ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সার চেক ইস্যু করে রোববার আদালতে উপস্থাপন করলে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের আইনজীবীর আপত্তিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ওই আদেশ দেয়।

আগামী ২১ জুলাই পরবর্তী আদেশের জন্য রেখে সর্বোচ্চ আদালত অর্থ মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এ নির্দেশ দিয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন সিনেমা হল অর্থাৎ বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ। তার সঙ্গে ছিলেন সাইফুল্লাহ মামুন।

গত বছরের ১০ ডিসেম্বর আপিল বিভাগ ৩০ জুনের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিল। সে আদেশ অনুযায়ী সরকার মুন সিনেমা হলের মালিক মাকসুদুল আলমের নামে ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সার চেক ইস্যু করে রোববার তা আদালতে উপস্থাপন করে।

তখন বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের আইনজীবী তৌফিক নেওয়াজ আপত্তি জানিয়ে আদালতে বলেন, “ব্যক্তির নামে নয়, চেক হতে হবে কোম্পানির নামে। এরপর আদালত তা সংশোধন করে কোম্পানির অনুকুলে চেক ইস্যু করতে বলে।”

পুরান ঢাকার ওয়াইজঘাটে এক সময়ের মুন সিনেমা হলের মূল মালিক ছিল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামের একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি ‘পরিত্যক্ত’ ঘোষণা করা হয় এবং পরে শিল্প মন্ত্রণালয় ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করে। ইতালিয়ান মার্বেলের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম ওই সম্পত্তির মালিকানা দাবি করলেও বিষয়টি আটকে যায়।

১৯৭৭ সালে জিয়াউর রহমান একটি সামরিক ফরমান ঘোষণা করেন, যাতে বলা হয়, সরকার কোনো সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করলে আদালতে তা চ্যালেঞ্জ করা যাবে না। মুন সিনেমা হলের সম্পত্তিও এর আওতায় পড়ে যায়।

ইতালিয়ান মার্বেল ওয়ার্কস এরপর ২০০০ সালে হাই কোর্টে একটি রিট আবেদন করে, যেখানে সংবিধানের ওই পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ করা হয়।

২০০৫ সালের ২৯ অগাস্ট হাই কোর্ট যে ঐতিহাসিক রায় দেয়, তাতে ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর খন্দকার মোশতাক, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ সংবিধান-বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১০ সালের ২ ফেব্রুয়ারি হাই কোর্টের রায় বহাল রাখে এবং ৯০ দিনের মধ্যে মুন সিনেমা হল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডকে ফেরত দিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়।

এরপর দীর্ঘ দিনেও মালিকানা ফিরে না পেয়ে ২০১২ সালের ১০ জানুয়ারি ইতালিয়ান মার্বেল কর্তৃপক্ষ তখনকার ভূমিসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করে।

সেই অভিযোগের শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ১৯৭২ সালে মুন সিনেমা হল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়। ২০০১ সালে প্রতীকী মূল্য ১ টাকা দরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তা হস্তান্তর করে ডেভেলপারদের কাছে। ডেভেলপাররা মূল সিনেমা হলটি ভেঙে বহুতল ভবন নির্মাণ করে এবং নিজেদের অংশ বর্তমান দোকান মালিকদের কাছে বিক্রি করে দেয়।

এ অবস্থায় মুন সিনেমা হল আগের অবস্থায় ফেরত দেওয়ার কোনো উপায় নেই জানিয়ে জমির মূল্য ও মুন সিনেমা হলের মূল কাঠামোর মূল্য ধরে এর মালিককে দেওয়া যেতে পারে বলে আদালতে মত দেন অ্যাটর্নি জেনারেল।

ওই শুনানির পর আপিল বিভাগ সিনেমা হলের জমি, স্থাপনার মূল্য নির্ধারণের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে দায়িত্ব দেয়। তিনি মুন সিনেমা হল ও এর জায়গার মূল্য ৯৯ কোটি ২১ লাখ টাকা নির্ধারণ করে প্রতিবেদন দেন।

ওই প্রতিবেদন পাওয়ার পর গত বছরের ১৮ জানুয়ারি মুন সিনেমা হলের মালিককে ওই অর্থ তিন কিস্তিতে পরিশোধের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নির্দেশ দেয় আদালত।

আদেশে বলা হয়, প্রথম কিস্তিতে দুই মাসের মধ্যে ২৫ কোটি টাকা, পরের দুই মাসের মধ্যে আরও ২৫ কোটি এবং বাকি টাকা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে।

কিন্তু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বলে আসছিল, এত টাকা দিতে তারা অপারগ। সরকারকেই এ দায় শোধ করতে হবে।

নির্ধারিত সময়ে তারা অর্থ পরিশোধ না করায় গত ১ জুলাই আপিল বিভাগ দ্রুত অর্থ পরিশোধের জন্য মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশ দেয়। আদালত বলে, অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট সবাইকে তলব করা হবে।

পরে গত বছরের ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক চিঠি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থাপন করেন।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, “মুন সিনেমা হল ও এর সম্পত্তির মূল্য বাবদ ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সা পরিশোধের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনুকূলে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা নেওয়া হবে।”

ওইদিন অর্থ পরিশোধের জন্য সরকার তিন মাস সময় চাইলে আদালত গত বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করে সরকার আবারও সময় চাইলে গত বছরের ১০ ডিসেম্বর আদালত প্রায় সাত মাস সময় দিয়ে ৩০ জুন অর্থাৎ রোববার আদেশের জন্য রেখেছিল।

আইনজীবী সাইফুল্লাহ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার অনুমোদন না দিলে অর্থ মন্ত্রণালয় তো সে টাকা দিতে পারবে না। ফলে টাকা পরিশোধের জন্য সরকার একটি তহবিল গঠন করে দিয়েছে। সেইটার পরিপ্রেক্ষিতে তারা সরকারের একটি মেমোসহ আদালতে একটি দরখাস্ত দিয়ে বলেছে যে, টাকাটা দেওয়ার জন্য তারা প্রস্তুত। সঙ্গে ব্যক্তির নামে ইস্যুকৃত একটি চেকও নিয়ে এসেছে। কিন্তু আজ আমরাও একটি আবেদন নিয়ে গিয়েছিলাম যে, চেক দিতে হবে কোম্পানির অনুকূলে।

“আদালত ২১ জুলাই পরবর্তী আদেশের জন্য রেখে ব্যক্তির পরিবর্তে কোম্পানির অনুকূলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।”