২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতায় ডিএনসিসির রোড শো

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাউল গানের মাধ্যমে রোড শো করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2019, 09:35 PM

Updated : 10 Oct 2022, 09:12 PM

শনিবার সকাল ৯টা থেকে ডিএনসিসির পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি ট্রাকে করে বের হন বাউল শিল্পীরা। সারাদিন তারা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে গান গেয়ে জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতন করেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এর অংশ হিসেবে এই রোড শো'র আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিকভাবে মশা নিয়ন্ত্রণের জন্য ডিএনসিসির পক্ষ থেকে নিয়মিত ওষুধ ছিটানো অব্যাহত রয়েছে। তবে এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে ডিএনসিসি।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বাউল গানের মতো লোকজ মাধ্যম ব্যবহার করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোড শোতে বাউল শিল্পীগণ গানে-গানে, লিফলেট বিতরণ করে এবং স্লোগানের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালান।