২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার যা করেছে তা ভুলে থাকবে না কানাডা: হাই কমিশনার

রাখাইনে রোহিঙ্গাদের গ্রামগুলোতে ২০১৭ সালে যা ঘটানো হয়েছে, সেজন্য মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন কানাডার হাই কমিশনার বেনোয়া প্রিফঁতেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 12:21 AM

Updated : 18 Aug 2022, 05:27 PM

তিনি বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওই সময় যা ঘটেছে তা ভুলে যাওয়াটা আমাদের উচিৎ হবে না। আমরা যদি রাখাইনের ঘটনা ভুলে যাই, তাহলে আবার অন্য কোথাও সেটা ঘটতে দেখব।”

আর এরকম ঘটনা ঘটিয়েও মিয়ানমার যদি পার পেয়ে যায়, তা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যই ক্ষতির কারণ হবে বলে মনে করেন এই কূটনীতিক।     

২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে দমন অভিযান শুরু করলে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

সেনাবাহিনীর ওই অভিযানে পুড়িয়ে দেওয়া হয় কয়েকশ গ্রাম, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, ধর্ষণের শিকার হন অসংখ্য নারী।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে।

আন্তর্জাতিক চাপে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দেড় বছর আগে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও এখন পর্যন্ত তারা একজনকে ফিরিয়ে নেয়নি। 

বেনোয়া প্রিফঁতেন বলেন, এটা ঠিক যে এ সমস্যার সমাধান পাওয়া সহজ হবে না। হয়ত সেজন্য সময় লাগবে। তবে কানাডা এই ‘গুরুতর’ বিষয়টা ভুলে থাকার চেষ্টা করবে না। 

‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)’ এর আয়োজনে বৃহস্পতিবার ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন কানাডার দূত। সেখানেই  সাংবাদিকদের প্রশ্নে বিভিন্ন বিষয়ের সঙ্গে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথ বলেন তিনি।

কানাডার হাই কমিশনার বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে দুইভাবে কাজ করছে তার দেশ। বিপুল সংখ্যক রোহিঙ্গার আগমনে কক্সবাজারে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা প্রশমনের চেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও কানাডা সক্রিয় ভূমিকা রাখছে।  

“সহসা কোনো সমাধান হয়ত আমরা পাব না। সেজন্য আমাদের কূটনৈতিক চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আপনাদের বলতে পারি, শুধু বাংলাদেশ নয়, অনেক দেশই সেই চেষ্টাটা করছে।… হয়ত সময় লাগবে, কিন্তু চাকা ইতোমধ্যে ঘুরতে শুরু করেছে।”

ডিক্যাবের এই অনুষ্ঠানে বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সহযোগিতা ছাড়াও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় বেনোয়া প্রিফঁতেনকে।

অবৈধ অভিবাসনের এক মামলার রায়ে কানাডার আদালত বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বললেও তা বাংলাদেশের ওই রাজনৈতিক দলের প্রতি কানাডা সরকারের দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য তৈরি করবে না বলে মন্তব্য করেন হাই কমিশনার।

তার ভাষায়, বিএনপিসহ সব রাজনৈতিক দলকেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে কানাডা। সুতরাং কাউকে আলাদা করে দেখার কিছু নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা সরকার ফেরত দেবে কিনা- এ প্রশ্নের উত্তরে হাই কমিশনার বলেন, এ বিষয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত ব্যক্তি তিনি নন।

“তবে আমি যেটা বলতে পারি, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কানাডা ফেরত পাঠায় না। পরিস্থিতি যেমনই হোক, কানাডা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধী।”

আরেক প্রশ্নের জবাবে বেনোয়া প্রিফঁতেন বলেন, ২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ধাক্কা সামলে বাংলাদেশ এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

ওই হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার পর বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল। 

আর ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি এখন ‘তুরস্ক বা ফ্রান্সের মতই’ বলে মন্তব্য করেন তিনি।

ডিক্যাব সভাপতি রাহীদ এজাজ এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবও অনুষ্ঠানে বক্তব্য দেন।