২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসএফ এজেন্ট নির্বাচনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এজেন্ট নির্বাচনে ‘সর্বোচ্চ’ সতর্ক থাকার পাশাপশি উন্নত প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2019, 11:06 PM

Updated : 10 Oct 2022, 09:12 PM

তিনি বলেছেন, “এসএসএফ এজেন্ট নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা, দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ, নিরাপত্তা সংশ্লিষ্ট অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিতে হবে। 

“অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজন কেবল এসএসএফ সদস্যগণের সক্ষমতাই বৃদ্ধি করবে না, বরং দায়িত্ব পালনে তারা আরও স্বনির্ভর এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

রোববার সন্ধ্যায় এসএসএফের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন।

১৯৮৬ সালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরে এই বাহিনীর নামকরণ করা হয় ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স’।

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) জনসংযোগের বিষয়টির স্মরণ করিয়ে দিয়ে এসএসএফ সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, “জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই পেশাদারিত্বের পরিচয় দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব। সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিক নির্দেশনা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার মাধ্যমে এসএসএফ এর উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকুক - এ কামনা করি।”

তিনি আরও বলেন, “এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়গুলোকেও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য সকল সহযোগী এজেন্সির সাথে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। একই সাথেভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।

 রাষ্ট্রপতি বলেন, “‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’। আপনাদের কোন আচরণে সাধারণ জনগণ যেন কষ্ট না পায় সে দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি জানি দায়িত্ব পালনের ক্ষেত্রে এসএসএফ এর প্রতিটি সদস্য অকুতোভয় এবং দৃঢ় প্রতিজ্ঞ।”

আবদুল হামিদ বলেন, “রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টিতে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার প্রতিফলন ঘটে। তাই এই বাহিনীকে উন্নত মানবসম্পদ, প্রযুক্তিগত উৎকর্ষ, প্রশ্নাতীত আনুগত্য এবং পেশাদারিত্বের মানদণ্ডে একটি চৌকষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে তৈরি হতে হবে।”

 অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম। এছাড়া এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিুবর রহমানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।