‘সিগারেটের শুল্ক না বাড়ানোয় তামাক কোম্পানির আয় বাড়বে ৩১%’
প্রস্তাবিত বাজেটে টানা তৃতীয় বছরের মতো সিগারেটের সম্পূরক শুল্ক প্রায় অপরিবর্তিত রাখায় তামাক কোম্পানিগুলো ব্যাপকভাবে লাভবান হবে বলে তামাকবিরোধী সংগঠনগুলো মনে করে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক বাজেট সংবাদ সম্মেলনে প্রধান অতিথি অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রস্তাবিত বাজেটে বিড়ি এবং নিম্নস্তরের সিগারেটের দাম প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। অথচ জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় এসব পণ্য আরও সস্তা হয়ে যাবে।
“সিগারেটের শুল্ক না বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে বলে প্রস্তাবিত বাজেটে দেখা গেছে, তাতে তামাক কোম্পানির আয় ৩১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরে সিগারেটের দাম প্রায় অপরিবর্তিত থাকায় দামি স্তরগুলো থেকে বিশেষ করে মধ্যম এবং উচ্চস্তরের সিগারেটের ভোক্তাদের একটি অংশ নিম্নস্তরে স্থানান্তরিত হওয়ার সুযোগ থেকে যাবে। ফলে মূল্যবৃদ্ধি হলেও তা সার্বিকভাবে সিগারেটের ব্যবহার হ্রাসে উল্লেখযোগ্য কোনো প্রভাবই ফেলবে না।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডা. সোহেল রেজা চৌধুরী, রুহুল কুদ্দুস।
উপস্থিত ছিলেন তামাকবিরোধী সংগঠন ‘আত্মা’র মর্তুজা হায়দার লিটন, সিটিএফকের গ্রান্টস ম্যানেজার এম এ সালাম, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এর সহায়তায় প্রজ্ঞা ও আত্মা’র উদ্যোগে তামাকবিরোধী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, বিটা, সুপ্র, এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রজ্ঞা’র কো-অর্ডিনেটর মো: হাসান শাহরিয়ারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’ র কো-কনভেনর নাদিরা কিরণ।
বর্তমানে বিড়ি-সিগারেটের যে চারটি মূল্যস্তর আছে তা কমিয়ে দুইটি স্তর করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সিগারেটের মূল্যস্তর সংখ্যা অপরিবর্তিত রাখায় ভোক্তা তার সামর্থ্য অনুযায়ী ব্রান্ড বেছে নিতে পারবে, ফলে সিগারেটের ব্যবহার কমবেনা।
সংবাদ সম্মেলনে ২০১৯-২০ সালের চূড়ান্ত বাজেটে অন্তর্ভুক্তির জন্য নিম্নস্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৩৭ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা, নিম্নস্তরের সিগারেটের ওপর বিদ্যমান ৫৫ শতাংশ সম্পূরক শুল্কের পরিবর্তে ৬০ শতাংশ এবং মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরে বিদ্যমান ৬৫ শতাংশ সম্পূরক শুল্কের পরিবর্তে ৭০ শতাংশ নির্ধারণ করা, প্রতি ১০ শলাকা সিগারেটে ৫ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করার প্রস্তাব করা হয়।
এছাড়া বিড়ির ফিল্টার-ননফিল্টার মূল্যবিভাজন তুলে দিয়ে ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ এবং ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৬ টাকা সুনির্দিষ্ট কর আরোপ, প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৩৫ টাকার সাথে ৫ টাকা সুনির্দিষ্ট করারোপ এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে তিন টাকা সুনির্দিষ্ট করারোপের প্রস্তাব করা হয়।
সংবাদ সম্মেলনে অপ্রক্রিয়াজাত তামাকের ওপর বিদ্যমান ১০ শতাংশ রপ্তানি শুল্ক বহাল এবং প্রক্রিয়াজাত তামাকপণ্যের ওপর পুনরায় ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করার দাবি জানান হয়।
এ ব্যাপারে একটি পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে প্রক্রিয়াজাত তামাকপণ্যের রপ্তানি শুল্ক তুলে দেয়ার পর ২০১৬-১৭ এর তুলনায় ২০১৭-১৮ সালে তামাক ও তামাকজাত পণ্য রপ্তানি প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর চলতি অর্থবছরের প্রথম দশ মাসেই আগের বছরের তুলনায় এখাতে রপ্তানি বেড়েছে প্রায় আট লাখ ডলার।
সব ধরনের ই-সিগারেট এবং হিটেড (আইকিউওএস) তামাকপণ্যের উৎপাদন, আমদানি এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
