রূপপুর প্রকল্পে ‘দুর্নীতি’তে অসন্তোষ সংসদীয় কমিটির
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে দুর্নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যাবলী এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞান মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে জানিয়েছে, দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া উচ্চ আদালতে একটি রিটও হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ইকবালুর রহিম, হাবিবে মিল্লাত, মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
