২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা শিশু হাসপাতালে অনিয়ম, ব্যবস্থা নিতে দুদকের সুপারিশ

ঢাকা শিশু হাসপাতালে চিকিৎকদের অনুপস্থিতিসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়ে সেসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2019, 07:20 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পেয়ে মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক রাউফুল ইসলামের নেতৃত্বে একটি দল হাসপাতালে যায়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসকরা যে হাসপাতালে যথানিয়মে উপস্থিত হন না এমন প্রমাণ পাওয়া গেছে।

অভিযান দল হাসপাতালের গত মে মাস থেকে ১৮ জুন পর্যন্ত সময়ের বায়োমেট্রিক হাজিরা খতিয়ে দেখে। এতে দেখা যায় একজন চিকিৎসক দীর্ঘদিন হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।

এছাড়াও আরও কয়েকজন চিকিৎসক যথাসময়ে হাসপাতাল উপস্থিত হননি বলে প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে দুদক সুপারিশ করেছে বলে জানান প্রণব।

তিনি বলেন, ঢাকা শিশু হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্তে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে ‍উঠে আসে।

অবিলম্বে তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে বলা হয়।

নকশার বাইরে ভবন নির্মাণ, ভেঙ্গে ফেলার নির্দেশ

রাজধানীর উত্তর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির ছয় নম্বর রোডের একটি বাড়ির কিছু অংশ রাজউকের নকশার বাইরে নির্মাণ করা হয়েছে বলে দুদকের আরেকটি অভিযানে বেরিয়ে এসেছে।

কমিশনের সহকারী পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে রাজউক কর্মকর্তাদের সমন্বয়ে মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

এ সময় ওই ভবনের বর্ধিতাংশ আগামী ৫ জুলাইয়ের মধ্যে অপসারণ করতে রাজউক থেকে নোটিস দেওয়া হয় বলে দুদক কর্মকর্তা প্রণব জানিয়েছেন।

দুদকের আরেক কর্মকর্তা জানান, ওই নির্মাণাধীন ভবনের মালিক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অফিস সহায়ক।

“বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে অবৈধভাবে এ বাড়িটি নির্মাণ করছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করার অনুমতি চেয়ে কমিশনে রিপোর্ট দেওয়া হয়েছে।”