কানাডিয়ান ইউনিভার্সিটির বক্তব্য ও বিডিনিউজ টোয়েন্টিফোরের জবাব
ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদন নিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তাদের বক্তব্য পাঠিয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য ড. নজরুল ইসলামের স্বাক্ষরে আসা এই চিঠিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনটি ‘কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়েছে।
তবে কী কারণে কানাডিয়ান ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তা ‘কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে হয়েছে, পুরো চিঠি পড়েও তা বোধগম্য হয়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের কাছে।
গত ১০ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশিত হয় “পূর্বাচলে ‘নিয়ম ভেঙে’ কানাডিয়ান ইউনিভার্সিটিকে প্লট” শিরোনামের প্রতিবেদনটি, ইংরেজি সংস্করণে যার শিরোনাম ছিল- “Canadian University gets Rajuk’s Purbachal plot ‘in breach of rules”।
ড. নজরুলের চিঠির শুরুতেই বলা হয়, “প্রতিবেদনে সম্পূর্ণ অপ্রাঙ্গিকভাবে কানাডিয়ান ইউনিভার্সিটির অব বাংলাদেশ ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফাত- এর সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালানো হয়েছে।”
প্রতিবেদনে নাফিজ সরাফতের ছবি কেন দুই বার ব্যবহৃত হয়েছে, সেই বিষয়ে প্রশ্ন তুলে চিঠিতে বলা হয়েছে, “এই সংবাদে বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যানের পরিচয় ও ছবি ক্যাপশনসহ অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা মানহানির শামিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে প্রাসঙ্গিকভাবেই কানাডিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান নাফিজ সারাফাতের নামটি এসেছে, কেননা তিনি যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সেই প্রতিষ্ঠানই অনিয়মের মাধ্যমে প্লটটি বরাদ্দ পেয়েছেন বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক্ষেত্রে জনস্বার্থের নিরিখে সংবাদটি প্রকাশ করেছে, কারও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্য এখানে যেমন ছিল না, তেমনি কারও সুনাম রক্ষার চেষ্টাও করেনি, শুধু সত্যটি তুলে ধরেছে।
চৌধুরী নাফিজ সরাফাত
প্রকাশের আগে সংবাদিকতার রীতিনীতি অনুসরণ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নাফিজ সারাফাতের সঙ্গে কথাও বলেছে, ফলে গুরুত্বের বিচার ও অঙ্গসজ্জার প্রয়োজনে একাধিক স্থানে ছবি ব্যবহার করা হয়েছে এবং নাফিজ সারাফাতের ছবি যেমন দুই বার এসেছে, তেমনি ওই প্লটটিরও দুটি ছবি এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত নাফিজ সারাফাতের ছবি অবিকৃতভাবেই প্রকাশিত হয়েছে এবং তার একটিতে ক্যাপশন ছিল- ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকেরও (সাবেক ফারমার্স ব্যাংক) চেয়ারম্যান’ এবং অন্যটির ক্যাপশন ছিল- ‘চৌধুরী নাফিজ সরাফাতের দাবি, সব স্বচ্ছতার সঙ্গেই হয়েছে’।
এক্ষেত্রে এই দুটি ক্যাপশনের কোনটিতে নাফিজ সারাফাতকে ‘অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন’ করা হয়েছে, তা বোধগম্য নয়। কানাডিয়ান ইউনিভার্সিটির পাশাপাশি আরেকটি ব্যাংক কোম্পানিতে তিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তা একটি ক্যাপশনে উল্লেখ রয়েছে, আর আরেকটিতে তার বক্তব্য তুলে ধরা হয়েছে, এর কোনটিতে তার ‘মানহানি’ হয়েছে বা কী কারণে হয়েছে, তাও চিঠিতে স্পষ্ট নয়।
চিঠিতে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত স্বনামধন্য শিক্ষক ও অনারারী উপদেষ্টামণ্ডলীর নামও উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা একান্ত অবাঞ্ছনীয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনে কোথাও বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে যুক্ত কারও নামের উল্লেখ নেই। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা ভারপ্রাপ্ত উপাচার্যের নামও ছিল না। বিষয়টি সরাসরি শিক্ষা সম্পর্কিত ছিল না বলে বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এ আরাফাত এবং অনারারি উপদেষ্টা আতিউর রহমানের নাম প্রতিবেদনে এসেছে।
পূর্বাচলে ১৭১ কাঠার এই প্লট কানাডিয়ান ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে
চিঠিতে রাজউকের ওই প্লট কীভাবে কানাডিয়ান ইউনিভার্সিটি বরাদ্দ পেয়েছে, তা তুলে ধরে বলা হয়, “সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাজউক যাবতীয় আইন ও নীতিমালা অনুসরণের মাধ্যমেই এই প্লট বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করেছে।”
কানাডিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান নাফিজ সারাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেও একই কথা বলেছিলেন এবং প্রতিবেদনে যথাযথভাবেই তা প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে রাজউক সরকারের যে মন্ত্রণালয়ের অধীন, তারাই এই প্লট বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে এবং রাজউকের জবাব পেয়েও সন্তুষ্ট না হওয়ার কথাও তারা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে এই প্লট বরাদ্দ প্রক্রিয়ায় যুক্ত থাকা রাজউকের সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার নামও উল্লেখ করা হয়েছে।
কানাডিয়ান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের চিঠিতে দাবি করা হয়েছে, পূর্বাচলের ওই জমির শ্রেণি পরিবর্তন করে তাদের বরাদ্দ দেওয়ার কথাটি ঠিক নয়।
চিঠিতে বলা হয়, “প্রকৃত তথ্য হল- সেকেন্ডারি স্কুলের জমি বিশ্ববিদ্যালয়কে দিলে, তা কোনোভাবেই শ্রেণি পরিবর্তন নয় কারণ উভয়ই শিক্ষা প্রতিষ্ঠান।”
প্লট পাওয়ার ক্ষেত্রে নানা যুক্তি দেখানোর পর কানাডিয়ান ইউনিভার্সিটির চিঠিতেই আবার বলা হয়, রাজউক কর্তৃক কোনো নিয়ম পরিবর্তন হয়ে থাকলে তার দায়ের অংশীদার তারা নয়।
রাজউকের নথিপত্রে দেখা গেছে, পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের ৬০ নম্বর প্লটির শ্রেণি পরিবর্তনের জন্য গত বছরের ৪ ডিসেম্বর কানাডিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান নাফিজ সরাফাতই রাজউকে আবেদন করেন।
কানাডিয়ান ইউনিভার্সিটি
তার আবেদনে ওই মাসেরই ২৬ ডিসেম্বর প্লটের শ্রেণি ‘সেকেন্ডারি স্কুল’ পরিবর্তন করে ‘কলেজ/বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব রাজউকের বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে রাজউকও এই যুক্তি দেখিয়েছিল, কিন্তু মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, তারা ওই জবাবে সন্তুষ্ট নন।
হাই কোর্টের এক রায়ে পূর্বাচল প্রকল্পে রাজউকের চতুর্থ সংশোধনীর পর শুধু প্রস্তাবিত ‘আইকনিক টাওয়ার’ বাদে আর যে কোনো পরিবর্তনে নিষেধাজ্ঞা রয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটিকে দেওয়া প্লটের শ্রেণি অনুমোদন করার ঘটনাটি হাই কোর্টের আদেশের পরই ঘটেছিল, যা মন্ত্রণালয়ের চিঠিতেও উল্লেখ করা হয়।
ড. নজরুলের চিঠিতে ‘কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ ওই সংবাদ প্রত্যাহার করে তাদের বক্তব্য ‘গুরুত্ব সহকারে’ প্রকাশের দাবি জানানো হয়।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “প্রয়োজনীয় সব তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতার রীতি-নীতি অনুসরণ করে কানাডিয়ান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, রাজউক ও মন্ত্রণালয়ের বক্তব্য নিয়েই সংবাদটি প্রকাশ করা হয়েছে। ফলে প্রতিবেদনটি প্রত্যাহার কিংবা তুলে নেওয়ার প্রশ্নই আসে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদনটি প্রত্যাহার করা না হলে ‘আইনি পদক্ষেপ’ নেওয়ার হুমকিও চিঠিতে দিয়েছে কানাডিয়ান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর জবাবে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র এবং সবচেয়ে বড় সংবাদ প্রকাশনা সংস্থাটির মুখপাত্র বলেন, “দেশের সর্বোচ্চ আদালত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে যখন কোনো বিষয়ে আপত্তি আসে, তখন তা সাংবাদিকতার নিয়ম অনুযায়ী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আর এমন একটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ করায় কানাডিয়ান ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে, তা গণমাধ্যমের স্বাধীনতার প্রতিই স্পষ্ট হুমকি বলে আমরা মনে করছি।”
