২৫ কোটি টাকা আত্মসাত: বিডিবিএলের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
খাদ্য অধিদপ্তরের সঙ্গে অন্য একটি প্রতিষ্ঠানের ‘জাল সমঝ্তো স্মারক’ তৈরি করে পণ্য আমদানি দেখিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান মঙ্গলবার ঢাকার পল্টন থানায় এ মামলা দায়ের করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সিল ও সই জাল করে টিপু সুলতানের নামে একটি দরপত্র গ্রহণ করা হয়। তারপর সমঝোতা স্মারকের ভুয়া নথি তৈরি করে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।
দুদক বলছে, তিন ব্যাংক কর্মকর্তা ভুয়া নথি ব্যবহার করে ১৫ হাজার মেট্রিক টন গম আমদানির নামে ঢাকা ট্রেডিং হাউজকে ওই টাকা উত্তোলনের সুযোগ করে দেন।
ওই ঋণের বিপরীতে গ্রাহক প্রতিষ্ঠান ব্যাংকে যে পরিমাণ সম্পদ বন্ধক রেখেছে তা অপ্রতুল ছিল এবং তাতে ঋণ পরিশোধের কোনো সম্ভাবনাই ছিল না বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।
