২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক জাকারিয়া মুক্তা আর নেই

সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2019, 10:41 PM

Updated : 08 Apr 2022, 04:17 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে তার এক স্বজন জানিয়েছেন।

মুক্তার স্ত্রীর বড় ভাই সালেহ মোহাম্মদ আশরাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টা পর্যন্ত তিনি অফিস করেছেন। এরপর মিরপুরের শেওড়াপাড়ার বাসায় চলে আসেন।

“বাসায় খেয়ে উনি ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করেন।”

এরপর রাত সাড়ে ৮টার দিকে তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিঃসন্তান মুক্তা দিনাজপুরের দৈনিক উত্তরা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি সাপ্তাহিক অর্থনীতি, দৈনিক দিনের শেষে, খোলা কাগজ, আজকালের খবরে কাজ করেন। গত পাঁচ বছর ধরে তিনি সময় টেলিভিশনে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তার গ্রামের বাড়ী নিলফামারী সদরের মাস্টারপাড়ায়। সময় টেলিভিশনের সামনে জানাজার পর রাতেই তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করা হয়েছে।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সাবেক সভাপতি জাকারিয়া মুক্তার মৃত্যুতে সমিতির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদন্নবী শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।