ঈদফিরতি যাত্রায় এখনও স্বস্তি
সড়কে যাত্রীর চাপ কম, তাই গাড়িও কম। এমন সুযোগে যারা ঢাকার পথে রওনা হয়েছেন তারা গন্তব্যে পৌঁছে যাচ্ছেন বেশ স্বস্তিতে।
শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ সময়ের মতোই পথে কোনো যানজটের বাধা ছাড়াই ঢাকায় পৌঁছেছেন ঈদ ফেরতরা।
সকাল ১০টার দিকে গাবতলী, টেকনিক্যাল এলাকায় গিয়ে দেখা যায়, ঈদ ফেরত যাত্রীদের আশায় অপেক্ষায় আছে শত শত সিএনজিচালিত অটোরিকশা। কিন্তু সেই তুলনায় যাত্রী উপস্থিতি কম। তবে বিকালে ও রাতে যাত্রী বাড়বে বলেই আশা করছেন অটো চালকরা।
ঈদের ছুটি বৃহস্পতিবার শেষ হওয়ার পর দুদিন সাপ্তাহিক ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত। পরদিন অফিস করার জন্য অনেকেই বাসে, ট্রেনে বা লঞ্চে শনিবার রাতের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন। অনেকে আসবেন রোববার সকালে।
“মাত্র ৫ ঘণ্টায় গাইবান্ধা থেকে কখনও ঢাকায় আসা হয়নি। এবার ঈদের মওসুমে সেই সুযোগ পেলাম। এটা অনেকটা অবিশ্বাস্য,” বলেন হাবিবুর।
ঢাকায় নেমেই মোবাইলে রাইড শেয়ারিং কোম্পানির একটি প্রাইভেটকার ডাকেন এই যাত্রী। সিএনজি অটোরিকশায় না চড়ে দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মিরপুরের উদ্দেশে যাত্রা করেন ওই গাড়িতে।
সিরাজগঞ্জ থেকে সকাল ৭টায় ছেড়ে আসা সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ঢাকায় পৌঁছায় মাত্র তিন ঘণ্টায়।
তবে বিকাল নাগাদ এই পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে মনে করেন এই বাসের সহকারী ইকবাল হোসেন।
“সকালে গাড়ির চাপ কম ছিল, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই চাপটা ধীরে ধীরে বাড়তেছে। বিকালের দিকে সড়কে গাড়ি বাড়লে জ্যাম হওয়ার আশঙ্কা আছে,” বলেন তিনি।
ঢাকা লিংক পরিবহনের যাত্রী নজরুল ইসলাম বলেন, তাদের বাড়ি দিনাজপুরে হলেও এবার পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করেছেন সিরাজগঞ্জে বোনের বাড়িতে। কোনো বিপত্তি ছাড়াই আনন্দঘন পরিবেশে হয়েছে এবারের ঈদ।
