২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ জামাতে শান্তির প্রার্থনা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে দেশের শান্তি কামনায় মোনাজাতে হাত তুলেছেন হারারো মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2019, 01:34 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

বুধবার সকাল হতেই বৃষ্টির বাগড়া ছিল নগরে। সেই বৃষ্টি উপেক্ষা করেই নগরবাসীকে ছুটতে হয়েছে ঈদগাহে। তবে বিশেষ তেরপল থাকায় নামাজ আদায়ে কোনো সমস্যা হয়নি।

সকাল সাদে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।

এই জামাতে শরিক হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এছাড়াও মন্ত্রিপরিষদ সদস্যদের অনেকে যোগ দেন এখানে। 

ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নারীদের নামাজ পড়ার জন্যও ছিল আলাদা বন্দোবস্ত।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়া লক্ষ্মীবাজারের মনি ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর আমরা সপরিবারে ঈদ করতে আসি। এবারও আমরা সব বোনরা মিলে এসেছিলাম। কিন্তু মহিলাদের জন্য যে জায়গাটি করা হয়েছে, সেখানে স্থান সংকুলান না হওয়ায় আমরা অনেকে শিক্ষা ভবনের ভেতরে গিয়ে নামাজ আদায় করেছি।”

পুলিশ আগেই জানিয়ে দিয়েছিল, জায়নামাজ ও ছাতা ছাড়া কিছু সঙ্গে আনা যাবে না জাতীয় ঈদগাহে।

নিরাপত্তার একাধিক স্তর পেরিয়ে তবেই সামিল হয়েছে প্রধান ঈদ জামাতে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ঈদগাহের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি ছিল।  শুধু ঢাকাবাসী নয়, ঢাকার বাইরে থেকে অনেকে এসে যোগ দিয়েছিলেন এ ঈদ জামাতে।

সকাল সাড়ে ৮টায় হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে মুসল্লিরা দু হাত তুলে দোয়া ধরেন।

মোনাজাতে তিনি বলেন, “হে আল্লাহ, বিশ্বের সব মুসলিমের হায়াৎ দারাজ কর, সকলকে বরকত দান করে দাও। জাতির জন্য শান্তি ও রহমতের ফয়সালা করে দাও।”

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করেও দোয়া করা হয়। ১৫ অগাস্টে ঘাতকের গুলিতে প্রাণ দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্যও বিশেষ দোয়া করা হয়। 

মৃত পিতা-মাতা ও আত্মীয় স্বজনের জন্য যখন মোনাজাত ধরেন ইমাম, তখন ঈদগাহ ময়দানে সমবেত মুসল্লিদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

নাজিরাবাজারের বাসিন্দা মো. আমির হোসেন মামুন বলেন, “প্রতি বছর এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করি। যতই বৃষ্টি হোক, আমার লক্ষ্য ছিল সময়মতো চলে আসা।”

হাই কোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দীন বলেন, “অনেক পথ এগিয়ে গেছে বাংলাদেশ।  দোয়া করেছি, বাংলাদেশের এই যাত্রা যেন আরও সুন্দর হয়।”

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা থেকে ঢাকায় এসে প্রথমবারের মতো জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ  আদায় করেছেন রেজাউল করিম খান।

মফস্বলের ঈদ আনন্দ ঢাকায় কোনোভাবেই পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, “ভাইয়ের বাসায় এসেছি। তাই এখানেই ঈদের নামাজ পড়তে হয়েছে। কিন্তু ঈদের যে আনন্দ, সেটা ঢাকায় পাওয়া যায় না। গ্রামে আমরা সবাই এক জন আরেকজনের বাড়িতে যাই, কোলাকুলি করি। কিন্তু এখানে তা হয় না।”

রেজাউলের মতো  ব্যবসায়ী মতিউর মিঠুও বলেন, গ্রাম ও নগরের ঈদ আনন্দে রয়েছে বিস্তর তফাৎ।

তিনি বলেন, “বাবা, মামা , চাচাদের নিয়ে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করার আনন্দই আলাদা। এখন ব্যবসার কাজে গ্রামে যাওয়া হয় খুব কম। গ্রামের সেই আন্তরিকতা এখানে কই পাব।” 

ঢাকা কলেজের অধ্যাপক  মো. আবদুল কুদ্দুস বলেন, “ছেলেবেলায় সে সৌহার্দ্যের ঈদ পালন করতাম, সেটা যেন অনেকটাই নেই। সামাজিক বন্ধন কমছে ক্রমেই, একাকীত্ব বাড়ছে। নগরে যে যার মতো করে ঈদ উদযাপন করছে।”

শেরপুরে নকলা উপজেলায় নারায়ণখোলা গ্রামের সারোয়ার আলম সাত বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। পুলিশে কর্মরত ভাই সাদিক রহমান ও মেডিকেল ছাত্র রাসেলকে সঙ্গে নিয়ে তিনি ঈদের নামাজ আদায় করেছেন বায়তুল মোকাররকম জাতীয় মসজিদে।

তিনি বলেন, “দুরন্তপনার সেই শৈশবের কথা এদিন খুব মনে পড়ে। এখন তো এক অদৃশ্য বন্ধনে বাধা পড়েছি। যোগাযোগগুলো ক্রমেই ভার্চুয়াল হয়ে উঠছে, এমনকি ঈদ শুভেচ্ছাও। তাই এবার ঠিক করেছি, আমরা সব ভাইয়েরা মিলে ঢাকায় ঈদ করব।  এবারের ঈদটা খুব স্পেশাল।”

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাড়ে ৭টা থেকে কয়েকটি ঈদ জামাত হয়।

সিদ্দিকবাজার থেকে ৭ বছর বয়সী তামিম রাজা সেখানে নামাজ পড়তে এসেছিলেন বাবা মহসিন রাজাার সঙ্গে।

তামিম বলে, “আব্বুর সঙ্গে নামাজ পড়তে আসছি। বাসায় ফিরে মজার সব খাবার খাব। বিকালে ঘুরতে যাব।”

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভপিতি মো. নাসিম , বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক, জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন , স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন সেখানে নামাজ পড়েন।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার বাসভবনে অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকার বিভিন্ন ঈদ জামাতকে ঘিরে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান।