বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির লাশ উদ্ধার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্রজ্যোতি টিকাদারের লাশ তার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন শুভ্রজ্যোতির স্ত্রী নাদিয়া বিনতে রউফের বরাত দিয়ে বলেন, “সম্প্রতি তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা দেয়। সোমবার রাতে দুজনের মধ্যে ঝগড়ার পর তারা আলাদা ঘরে ঘুমান।
ছবি: ফেইসবুক থেকে
ভালোবেসে ছয় মাস আগে বিয়ে করেছিলেন শুভ্রজ্যোতি ও নাদিয়া।
এসআই আলমগীর বলেন, “তারা দুই ধর্মের হলেও দুই পরিবার বিষয়টি মেনে নিয়েছিলেন। বিয়ের শুরুতে শুভ্রজ্যোতি স্ত্রীকে নিয়ে বাবা-মার সঙ্গে থাকলেও গত জানুয়ারিতে তারা এলিফ্যান্ট রোডের বাসায় ওঠেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, বিকাল ৫টার দিকে শুভ্রজ্যোতির লাশ মর্গে আনা হয়।
শুভ্রজ্যোতি আত্মহত্যা করেছেন কিনা তা ময়না তদন্তের পর জানা যাবে, বলেন তিনি।
