২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটের পরিবেশ আগের চেয়ে ভালো: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা অন্যবারের থেকে অনেক ভালো বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 06:06 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

সোমবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন,  “যে কোনো সময়ের চেয়ে বর্তমান সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিবেশ অত্যন্ত চমৎকার ও পরিচ্ছন্ন।

“নিরাপত্তার লক্ষ্যে টার্মিনালের ভেতর ও বাইরে লাগানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা।”

‘প্রথমবারের মত’ লঞ্চ টার্মিনালে কোনো অপরিচিত হকার প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও জানান তিনি। 
আছাদুজ্জামান মিয়া বলেন, “ফুলবাড়িয়া থেকে সদরঘাট পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সদরঘাট পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “সদরঘাটে স্থাপিত হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। এখান থেকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

‘সন্দেহজনক’ কোনো কিছু দেখলে নিকটস্থ পুলিশ, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার অনুরোধ জানান তিনি।

সদরঘাটে অবস্থান করা বিভিন্ন রুটের লঞ্চে উঠে যাত্রীদের খোঁজ খবরও নেন ডিএমপি কমিশনার।

ঈদকে ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গিবাদ একেবারে নির্মূল হয়ে গেছে তা আমরা বলতে চাই না।

“তবে আমরা সতর্ক রয়েছি। আমাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ক্রাইম ইউনিট এটা নিয়ে কাজ করছে।”