যাত্রীর চাপ বাড়লে সামলানোর সক্ষমতা আছে: নৌ প্রতিমন্ত্রী
নৌপথে ঈদযাত্রা ভালোভাবেই শেষ হবে বলে আশা করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার দুপুরে ঢাকা সদরঘাটের পরিস্থিতি দেখতে এসে তিনি বলেন, যাত্রীর চাপ বাড়লে তা সামাল দেওয়ার সক্ষমতা বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির আছে।
“গত দুই মাস ধরে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা ১৯ জেলার ডিসি, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের সাথে কথা বলেছি। কীভাবে নৌ চলাচল স্বাভাবিক রাখা যায়- সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আইনশৃঙ্খলার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।"
প্রতিমন্ত্রী বলেন, “ঈদের সার্বিক প্রস্তুতি যেটা নিয়েছি, শিমুলিয়া, আরিচা ও সদরঘাট যতটুকু পর্যবেক্ষণ করেছি, তাতে আমরা সন্তুষ্ট।
“সব কিছুই স্বাভাবিকভাবে চলছে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে। আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। আমি মনে করি এভাবে চললে ঈদযাত্রা সন্তোষজনকভাবেই শেষ হবে।"
শনিবার একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমরা সেজন্য দুঃখিত। তবে বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষের, আমাদের নয়। আমরা তদন্ত করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। এভাবে কারো সাথে কেউ আচরণ করতে পারে না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে নেই। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সদরঘাট দিয়ে এখন পর্যন্ত যাত্রী চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, “সামনে যাত্রীর চাপ বাড়লে তা সামাল দেওয়ার সক্ষমতা এই মন্ত্রণালয়ের রয়েছে।”
বিআইডব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক হুমায়ূন কবির জানান, শনিবার সদরঘাট থেকে ১০৩টি লঞ্চ দক্ষিণ বঙ্গের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর রোববার বেলা দেড়টা পর্যন্ত ছেড়ে যায় ২৮টি লঞ্চ।
তিনি বলেন, “গত তিন দিনের তুলনায় আজ যাত্রী একটু বেশি দেখা যাচ্ছে। মাঝে বৈরি আবহাওয়ার কারণে দুই ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এমভি টিপু লঞ্চের মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, ৪৩টি রুটের প্রায় দুই শতাধিক যাত্রীবাহী লঞ্চ রয়েছে ঢাকা সদরঘাটে। সকালে বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল।
যাত্রীদের যাত্রা নিরাপদে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।
