২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় নেই উত্তরের বাস কাউন্টারে

ঈদের তিন বা চার দিন বাকি থাকলেও রাজধানীর বাস কাউন্টারগুলোতে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 03:07 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, কল্যাণপুর, টেকনিক্যাল ও গাবতলীর কাউন্টারগুলোতে আগাম টিকেটধারী ছাড়া তাৎক্ষণিক যাত্রীদের তেমন ভিড় নেই। ফলে যাত্রীরা কিছুটা স্বচ্ছন্দেই ঢাকা ছাড়ছেন। এর মধ্যে সকালে ভারী বৃষ্টির কারণে যাত্রীর চাপ কম রয়েছে বলে মনে করছেন কাউন্টারকর্মীরা।

চলতি সপ্তাহের বুধ কিংবা বৃহস্পতিবার হতে পারে এবারের ঈদুল ফিতুর। সড়ক পথে অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় এবার অন্যবারের চেয়ে স্বস্তিতে ঈদযাত্রা হবে বলে আশা করছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে কল্যাণপুরে উত্তরবঙ্গগামী বাসের কাউন্টারগুলোতে অপেক্ষমাণ যাত্রী ছিলেন হাতেগোনা। আগাম টিকেটের বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল সময় ধরে। বাইরে মুষল ধারায় বৃষ্টি হতে থাকায় কাউন্টার থেকে বাসে চড়তে গিয়ে কাকভেজা হতে হয়েছে যাত্রীদের।

এসআর ট্রাভেলসের কাউন্টারকর্মী মনিরুজ্জামান মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তাই কেবল যারা অগ্রীম টিকেট কেটেছিলেন, তারাই কাউন্টারে এসেছেন। একারণে ভিড়  অন্য সময়ের চেয়ে অনেক কম।

পারভীন নামের এক যাত্রী এই সময়ে টিকেটের দাম জানতে এসেছিলেন এসআর ট্রাভেলসে। অবশ্য পরে তিনি সুবিধা মতো অন্য একটি পরিবহনে নিজ গন্তব্য জয়পুরহাটে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগাম টিকেট কাটা হয়নি। অনিশ্চয়তার মধ্যেই কাউন্টারে চলে আসলাম। ভেবেছিলাম বিকাল নাগাদ একটা ব্যবস্থা হবে। এখন দেখি আসার সাথে সাথে বাস পেয়ে গেলাম।”

এদিন উত্তরের বিভিন্ন গন্তব্যের অধিকাংশ কাউন্টারে সরকারনির্ধারিত চার্ট টানানো দেখা যায়। অবশ্য সব টিকেট আগাম বিক্রি হয়ে যাওয়ায় এই চার্ট কোনো কাজে আসবে না বলে মনে করছেন বগুড়ার যাত্রী আরশাদ হোসেন।

“সব টিকেট আগেই বিক্রি শেষ। আমিও কোনো একভাবে টিকেট নিয়েছি নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা বেশি দিয়ে। এখন আর চার্ট টানিয়ে কি হবে?” বলেন আরশাদ।

নবিল পরিবহনের কাউন্টারকর্মী খায়রুল আহমেদ কাজল জানান, উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে তাদের ৫০টির মতো বাস প্রতিদিন ছেড়ে

চাপাইনবাবগঞ্জের যাত্রী পাপেলসহ নয়জন সহকর্মী দেড় মাস আগে ঢাকায় এসে দিনমজুরের কাজ করছিলেন। দৈনিক ৬০০ টাকা করে আয় করে এখন স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তারা।

পাপেল বলেন, একদিন আগে হানিফ কাউন্টার থেকে ৬০০ টাকা করে টিকেট কেটেছেন তারা নয় জন।

একই এলাকার আরেক যাত্রী ইব্রাহীম সকালেই এক সহকর্মীসহ বিমান যোগে আবুধাবি থেকে ঢাকায় এসে নেমেছেন। পরিচিত লোক দিয়ে আগে থেকেই টিকেট কেটে রেখেছিলেন তিনি। সকাল ১১টায় বিমান বন্দর থেকে কল্যাণপুরে এসে পৌঁছেছেন। দুপুর দেড়টায় তাদের নির্ধারিত বাস ঢাকা ছাড়ার কথা।

ইব্রাহিম বলেন, “বাস কাউন্টারেও তেমন ভিড় নেই। বিমান বন্দর থেকেও সঠিক সময়ে পৌঁছাতে পেরেছি কাউন্টারে। এবার অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছি। ”

গাবতলীতে গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার আবু তালেব কচি জানান, এবার লম্বা ছুটি থাকার কারণে পরিবহনগুলোতে যাত্রীদের চাপ অনেক কম। সবাই নিজের সুবিধা মতো রয়ে সয়ে বাড়ি ফিরছে।