২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের আইনি সহায়তা না দেওয়ার আহ্বান র‌্যাব প্রধানের

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর গত তিন বছরে গ্রেপ্তার হওয়া পাঁচ শতাধিক জঙ্গির অর্ধেকের বেশি জামিনে বেরিয়ে গেছে বলে তথ্য দিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 02:11 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

জঙ্গিদের কোনো আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “তাদের আইনি সহায়তা দেওয়া হবে আত্মঘাতী।”

ঈদের আগে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে জানাতে রোববার এক সংবাদ সম্মলনে এ কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে ভয়াবহ ওই জঙ্গি হামলার পর থেকে এ পর্যন্ত ৫১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

“তাদের মধ্যে প্রায় তিনশ জন জামিনে বেরিয়ে গেছে। যারা জামিনে গেছে তাদের অধিকাংশই এখন পলাতক।”

আইনজীবীদের উদ্দেশে বেনজীর বলেন, চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মত অন্য আট-দশটি অপরাধের মত জঙ্গিবাদকে দেখা যাবে না। টাকা পেলেই জঙ্গিদের পক্ষে আদালতে দাঁড়ানো যাবে না।

“আপনারা যাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে জামিনের ব্যবস্থা করেছেন, তাদের আবার কোর্টে হাজির করেন, সমস্যা নেই। কিন্তু দেখেন, তারা প্রায় সবাই পলাতক। তাই আপনাদের প্রতি অনুরোধ, জঙ্গিদের বিষয়টাকে আপনার ভিন্নভাবে দেখবেন।”

জামিনে পলাতক জঙ্গিরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে- এমন তথ্য দিলেও দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক বেনজীর।

তিনি বলেন, জঙ্গিরা বেশিদিন এ ধরনের তৎপরতা চালাতে পারবে না বলেই তার বিশ্বাস।

বেনজীর বলেন,ঈদুল ফিতরে রাজধানীসহ সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল, নৌ ও সড়ক পথে নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষার বিষয়েও র‌্যাবের নজরদারি রয়েছে।

তিনি বলেন, এ জন্য ১৫টি ক্যাম্প এবং ২৪ মনিটরিং সেল করা হয়েছে যারা নিরাপত্তা বিষয়টি দেখভাল করছে।

ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ১৫টি অস্থায়ী ক্যাম্প করেছে র‌্যাব। এছাড়া যানজট এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ২৪ মনিটরিং সেল করা হয়েছে নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য।   

ঈদগাহ ছাড়াও দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা থাকবে জানিয়ে এ বাহিনীর প্রধান বলেন, ঈদে ফাঁকা শহরগুলোতে যেন কোনো অপরাধ না ঘটে, সে বিষয়ে তাদের আলাদা পরিকল্পনা রয়েছে।