অর্থ আত্মসাৎ: ডাচ-বাংলার সাবেক এভিপির বিরুদ্ধে মামলা
ভুয়া ভাউচার নম্বর বসিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চাকরিচ্যুত সহকারী ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই মামলা করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
মামলার এহাজারে বলা হয়, ব্যাংকের ঢাকা লোকাল অফিসে সঞ্চয়পত্রের অসমন্বিত অবস্থার সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভাউচার বা রেফারেন্স নম্বর ব্যবহার করে আসামি এক কোটি এক লাখ ২২ হাজার ২৩০ টাকা নিজের হিসাবে স্থানান্তর করেন।
পরে অর্থের উৎস গোপন করতে একটি স্টাফ সঞ্চয়ী হিসাবে নয় লাখ ২০ হাজার ২৩০ টাকা জমা করেন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বাকি ৯২ লাখ টাকা মূল্যের পাঁচটি মেয়াদি আমানত হিসাব খুলে ও পরবর্তিতে অল্প সময়ের ব্যবধানে সে আমানতগুলো নগদায়ন করে স্টাফ সঞ্চয়ী হিসাবে জমা করেন এবং ছোট ছোট পরিমাণে ওই টাকা উত্তোলন করে আসামি আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
ওইসব অভিযোগে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭ ক/৪৭১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ ধারায় মামলা করা হয়।
রাজউকের সাবেক তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
উত্তরার একটি প্লট নিয়ে প্রতারণার মামলায় রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক (আইন) মো. মেরাজ আলীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ অনুমোদন দিয়েছে দুদক।
দুদক কর্মকর্তা প্রণব কুমার জানিয়েছেন, শিগগিরই আদালতে এই অভিযাগপত্র উপস্থাপন করা হবে।
মামলার অন্য আসামিরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জের নূর জাহান বেগম, মোস্তফা জামান, মোস্তফা কামাল, মোস্তফা মহসিন, মিজানুর রহমান ও নিলুফা রহমান।
২০১৮ সালের ১৪ অগাস্ট তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় এই মামলা হয়।
মামলায় বলা হয়, উত্তরা মডেল টাউনের পাঁচ নম্বর সেক্টরের ৯-সি নম্বর রোডের ‘এ’ নম্বর প্লটের মালিকানা নিয়ে একটি মামলা বিচারাধীন ছিল। আসামিরা পরস্পর যোগসাজশে মামলার বিষয়টি গোপন করে রাজউক থেকে নামজারি অনুমোদন করে প্লটটি দখলে নিয়ে নেয়।
