২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষা মিশনে নারী সদস্য বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী শান্তিরক্ষী সদস্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 08:00 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

বুধবার রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৯ উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, “জাতিসংঘ সম্প্রতি মহিলা প্রতিনিধিত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। বর্তমানে বাংলাদেশের ২১৪ জন নারী শান্তিরক্ষী শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন। তা সত্ত্বেও জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের নিযুক্তিতেও আমাদের মহিলা শান্তিরক্ষীদের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট পর্যায়ে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।”

বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কর্মরতদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে সামনের কাতারে।

বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪০টি দেশে ৫৪টি মিশন সম্পন্ন করেছেন। বর্তমানে  ৯টি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৫৮২ শান্তিরক্ষী নিয়োজিত আছেন।

শান্তিরক্ষীদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে আবদুল হামিদ বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে জাতিসংঘ মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদেরও প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বাড়ানো জরুরি।”

রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশি  শান্তিরক্ষীরাও যাতে বিশ্বের অন্যান্য দেশের শান্তিরক্ষীদের সাথে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পেশাগত দক্ষতার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে উদ্যোগী হতে হবে। এছাড়া শান্তিরক্ষীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

“এ লক্ষ্যে ইতোমধ্যে মিশন এলাকার জলবায়ু ও ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নত মানের সামরিক পোশাক ও সরঞ্জামের পাশাপাশি নিরাপত্তার সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এ উদ্যোগ শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।”

শান্তিরক্ষীদের দেশের গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আপনারা অনুকরণীয় পেশাগত দক্ষতা প্রর্দশন করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দেশের জন্য অতি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

“বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রথম সারির শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে যে গৌরব ও মর্যাদা লাভ করেছে, তা আপনাদের সাহস, বীরত্ব, অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতারই ফসল। এ গৌরব আপনাদের সমুন্নত রাখতে হবে।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এই অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষী হিসেবে দায়িত্বপালনকালে নিহত এবং আহত ছয় জনের পরিবারকে সম্মাননা দেওয়া হয়।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, পররাষ্ট্র সচিব শহীদুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।

রাষ্ট্রপতি বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও বলেন এ অনুষ্ঠানে।