ওই সময়টুকু নিজেই শিশু হয়ে যাই: উপ-কমিশনার বিপ্লব
প্রায় একশ পথশিশুকে ইফতার করিয়ে তাদের ঈদের নতুন পোশাক ও নতুন টাকা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।
মঙ্গলবার মোহাম্মদপুরের কলেজগেইটে নিজের কার্যালয়ে এই পথশিশুদের এনে কয়েক ঘণ্টা রেখে তাদের আনন্দময় সময় কাটানোর ব্যবস্থা করেন তিনি। নিজেও মিশে যান ওই শিশুদের সঙ্গে। এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গত ২২ মার্চ এভাবেই শিশুদের নিয়ে দিন পার করেন তিনি।
শিশুদের সঙ্গে সময় কাটানোর এই আনন্দ প্রকাশ করতে গিয়ে বিপ্লব কুমার সরকার বলেন, “শিশুদের সাথে সময় কাটালে কী সুখ পাওয়া যায়, তা ভাষায় প্রকাশ করার মতো না। ওই সময়টুকু নিজেই শিশু হয়ে যাই। সে এক আলাদা আনন্দ!”
এদিন ‘ছায়াতল বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তদারকিতে দুপুরের পর থেকে পাঁচ থেকে ১০ বছরের শিশুরা দলবেঁধে উপ-কমিশনার বিপ্লবের কার্যালয়ে আসতে শুরু করে। ইফতারের আগ পর্যন্ত তারা নিজেদের মধ্যে কথা বিনিময়, ছুটাছুটি আর হৈহুল্লোড় করে সময় পার করে। মাঝে মাঝে তাদের সাথে যোগ দেন বিপ্লব কুমার সরকার।
ইফতারের পরেই প্রতিটি শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন বিপ্লব।প্রতিটি শিশুর হাতে তুলে দেন ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট। সেই সঙ্গে মেয়ে শিশুদের মেহেদীর টিউব দেওয়া হয়।
মেহেদীর টিউব পেয়ে উচ্ছ্বসিত বিউটি নামে ছয় বছরের এক শিশু হাসি মুখে হাত দিয়ে চোখ বড় করে ‘ওমা’ বলে ওঠে।
‘ছায়াতল বাংলাদেশ’-র অন্যতম পরিচালক বিএম সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পথশিশুদের নিয়ে কাজ করেন তারা। দিনের একটি অংশ শিশুদের লেখা পড়ার মধ্যে রাখেন।
গাবতলী, কল্যাণপুর এবং মোহাম্মদপুরে তাদের তিনটি স্কুল রয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দেড়শ শিক্ষার্থী রয়েছে। লেখাপড়ার পাশপাশি দুপুরের খাবারের ব্যবস্থাও করে ছায়াতল বাংলাদেশ।
একটি ব্যাংক এবং দুটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নিয়ে ‘ছায়াতল বাংলাদেশ’ এই কার্যক্রম চালায় বলে জানান সোহেল রানা।
