২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সিঙ্গাপুরফেরত যাত্রীর কাছে সোয়া ১০ কেজি সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১০ কেজি স্বর্ণসহ সিঙ্গাপুরফেরত এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 09:51 AM

Updated : 18 Aug 2022, 05:20 PM

আটক মো. আব্দুস সালামের (৪৮) বাড়ি গাজীপুরে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় নামেন তিনি।

ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালামকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জানতে চাওয়া হয় তার কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না।

সালাম তা অস্বীকার করলেও আর্চওয়ে পার হওয়ার সময় তার প্যান্টের নিচে ধাতব পদার্থ থাকার সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকানো অবস্থায় সাদা টেপে মোড়ানো দুটি প্যাকেটে ১০৩টি সোনার বিস্কুট পাওয়া যায়।

অথেলো চৌধুরী বলেন, সালামের কাছ থেকে পাওয়া সোনার মোট ওজন ১০ কেজি ৩০০ গ্রাম; আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা। 

“তিনি লিখিতভাবে জানিয়েছেন, ওই সোনা যাওয়ার কথা এইচ এম নুরুজ্জামান ওরফে জিকো নামের এক ব্যক্তির কাছে, যার বাড়ি ঢাকার খিলক্ষেতে। আটক যাত্রীর মোবাইলে জিকোর ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া গেছে।

“বিমানবন্দরে কর্মরত কোনো এক সংস্থার এক কর্মকর্তা ওই স্বর্ণ সালামের কাছ থেকে বুঝে নিয়ে জিকোর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।” 

অথেলো জানান, সালাম কেবল মে মাসেই পাঁচবার সিঙ্গাপুরে যাতায়ত করেছেন। এর আগেও বিমানবন্দরের ওই কর্মকর্তার মাধ্যমে স্বর্ণ হস্তান্তর করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তবে ওই কর্মকর্তার বিষয়ে বিশদ তথ্য এখনও তার কাছ থেকে পাওয়া যায়নি।

সালামের বিরুদ্ধে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান উপ কমিশনার অথেলো চৌধুরী।