সন্ধ্যা নদী থেকে বালি উত্তোলন বন্ধের নির্দেশ হাই কোর্টের
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি যাদুঘর এবং তার বাড়ির পাশের সন্ধ্যা নদী থেকে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সন্ধ্যা নদী। এ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
ওই নদী থেকে বালি তোলার অনুমতি দিয়ে জেলা প্রশাসক যে কার্যাদেশ দিয়েছিলেন, তা তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
পাশাপাশি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি যাদুঘর, বাড়ি, স্কুল, মাদ্রাসাসহ অন্যান্য স্থাপনা রক্ষায় বালি উত্তোলন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
স্থানীয় বাসিন্দা এবং পশ্চিম ভুতেরদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের মালের করা রিট আবেদনের শুনানি করে হাই কোর্ট এই আদেশ দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মুসাদ্দেক বিল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
আইনজীবী রুহুল কুদ্দুস কাজল পরে সাংবাদিকদের বলেন, “বরিশালের বাবুগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর বালু উত্তোলনের ফলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি, স্মৃতি যাদুঘরসহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম।
“নানা আন্দোলন, প্রতিবাদের পরও কোনো প্রতিকার না পেয়ে স্থানীয় বাসিন্দা ও পশ্চিম ভুতেরদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের মাল হাই কোর্টে এই রিট আবেদন করেন। সে অবেদনের শুনানি নিয়েই আদালত রুলসহ আদেশ দিয়েছে।”
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি যাদুঘর, বাড়ি রক্ষায় জেলা প্রশাসনের কাছে একটি আবেদন করেছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম। ওই আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে হাই কোর্ট।
আর সন্ধ্যা নদী থেকে বালি উত্তোলনে ইজারা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ভবিষ্যতে ওই এলাকায় বালি উত্তোলনের ইজারা না দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
ভূমি সচিব, পরিবেশ এবং গণপূর্ত সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশালের জেলা প্রশাসকসহ ১১ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ এপ্রিল মেসার্স সততা ট্রেডার্স সন্ধ্যা নদী থেকে বালি উত্তোলনের অনুমতি পায়। এরপর নদী থেকে বালি উত্তোলন শুরু করে। তাতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি যাদুঘর, বাড়িসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘনবসতিপূর্ণ ওই এলাকা হুমকির মুখে পড়েছে।
