২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তীব্র কালবৈশাখী, একজনের প্রাণহানি

জ্যৈষ্ঠের শুরুতে তীব্র কালবৈশাখী বয়ে গেল রাজধানীতে, যাতে অন্তত একজনের মৃত্যুর খবর জানা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2019, 08:48 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

শুক্রবার সন্ধ্যায় ঝড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে একজন নিহত এবং ২০ থেকে ২২ জন আহত হয়েছেন।

সন্ধ্যায় ঢাকা ছাড়াও রাজশাহী ও বগুড়ায়ও ঝড় হয়েছে। ওই দুই জায়গায় ঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ের তীব্রতা ছিল বেশি।

Image
জ্যৈষ্ঠের শুরুতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বয়ে গেল তীব্র কালবৈশাখী, ঝড়ে মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত হয়। ছবি: আসিফ মাহমুদ অভি

জ্যৈষ্ঠের শুরুতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বয়ে গেল তীব্র কালবৈশাখী, ঝড়ে মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত হয়। ছবি: আসিফ মাহমুদ অভি

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা ২ মিনিটে ঢাকায় ৬৫ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। তবে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝড়ের গতিবেগ ছিল ৯৩ কিলোমিটার, এটাই ছিল ঢাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ।

এর আগে সকালে রংপুরে ৬৭ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। বৃষ্টিও ঝরে সেখানে।

বায়তুল মোকাররমে হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

নিহতের নাম শফিকুল ইসলাম (৩৬)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, “ইফতারের পরে নামাজ পড়ার জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাসেল সিকদার জানান, সন্ধ্যার তীব্র কালবৈশাখী ঝড়ে বায়তুল মোকারম মসজিদ প্রাঙ্গণের দক্ষিণ অংশে স্থাপিত অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে হতাহতের ওই ঘটনা ঘটে। এছাড়া ঝড়ে কয়েক জায়গায় গাছ উপড়ে গেছে।

তাপপ্রবাহ অব্যাহত

Image
জ্যৈষ্ঠের শুরুতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বয়ে গেল তীব্র কালবৈশাখী, ঝড়ে মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত হয়। ছবি: আসিফ মাহমুদ অভি

জ্যৈষ্ঠের শুরুতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বয়ে গেল তীব্র কালবৈশাখী, ঝড়ে মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত হয়। ছবি: আসিফ মাহমুদ অভি

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, গত সোমবার থেকে চলমান তাপপ্রবাহ আরও দুই-একদিন অব্যাহত থাকবে। এ সময় ঝড়-বৃষ্টির দাপটও থাকবে।

“এখন কালবৈশাখীর সময়। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরে তাপপ্রবাহ কমে আসবে। তবে কলবৈশাখী হবে মাঝে মাঝে।”

টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে বলে জানান তিনি।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।