দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে হাওলাদারকে ফের নোটিস
উচ্চ আদালতে হেরে যাওয়ার পর জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়বারের মতো তলবি নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মঙ্গলবার দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ স্বাক্ষরিত নোটিসে আগামী ২০ মে দুদক কার্যালয়ে হাওলাদারকে হাজির হতে বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগটির আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য অভিযোগ সংশ্লিষ্টকে দুদকের তলবে আসা উচিত। রুহুল আমিন হাওলাদারের বক্তব্য গ্রহণের জন্য এবার তৃতীয় বারের মত নোটিস দেওয়া হল।”
সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গতবছর ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে প্রথম তলব করে দুদক।
কিন্তু সে সময় নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।
এরপর তাকে ফের চিঠি পাঠান দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। ২৮ মার্চ হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় নোটিসে।
ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে চার সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল।
এরপর সে স্থগিতাদেশটি গত ২৮ এপ্রিল আপিল বিভাগ স্থগিত করে দিলে হাওলাদারকে দুদকের জিজ্ঞাসাবাদে বাধা কাটে।
