২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষের টাকাসহ’ হাতেনাতে ধরা গোদাগাড়ীর সমবায় কর্মকর্তা

সমবায় সমিতি নিবন্ধনের জন্য টাকা নেওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসকে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 03:54 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে আট সদস্যের একটি দল মঙ্গলবার দুপুরে ওই কর্মকর্তাকে তার কার্যালয় থেকে আটক করে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ঘুষের আট হাজার টাকা নেওয়ার সময় নৃপেন্দ্রকে গ্রেপ্তার করা হয়।

দুদকের এক র্কমকর্তা জানান, সরমংলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য গত ১৩ মার্চ আব্দুল বাতেন নামের স্থানীয় এক ব্যক্তি আবেদন করেন।

ওই সমিতির নিবন্ধনের জন্য বাতেনের কাছে নৃপেন্দ্র নাথ ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। নিরূপায় হয়ে আব্দুল বাতেন টাকা দিতে রাজি হন এবং প্রথম দফায় সাত হাজার টাকাও নেন নৃপেন্দ্র।

এরপর আব্দুল বাতেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করলে দুদক ওই সমবায় কর্মকর্তাকে গ্রেপ্তারে প্রস্তুতি নেয়।

মঙ্গলবার নিজ কার্যালয়ে ঘুষের বাকি আট হাজার টাকা নেওয়ার সময় নৃপেন্দ্র নাথ দাসকে আটক করে দুদকের দল।