২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরখানে তিন লাশ: পরিবারে ছিল হতাশা, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

আর্থিক অনটন আর হতাশা থেকেই ঢাকার উত্তরখানের এক পরিবারের তিনজন আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2019, 10:01 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

পুরনো খবর:

ঘরের ভেতর মা আর ছেলে-মেয়ের লাশ, পাশে চিরকুট

তবে ময়নাতদন্তকারী চিকিৎসক এখনই নিশ্চিত করে বলতে চাইছেন না। চূড়ান্ত বক্তব্য জানানোর আগে তিনি ভিসেরা প্রতিবেদন হাতে পেতে চান।

সোমবার তিন জনের লাশের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ওই তিনজনের মধ্যে মা জাহানারা বেগম মুক্তা (৪৮) এবং তার প্রতিবন্ধী মেয়ে আতিয়া সুলতানা মিমের (১৯) মৃত্যু হয়েছে শ্বোসরোধে।

আর জাহানারার ছেলে মহিব হাসান রশ্মির (২৭) মৃত্যু হয়েছে গলায় ধারালো অস্ত্রের আঘাতে।

রোববার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উত্তরখানের ময়নারটেক এলাকার এক বাসার দরজা ভেঙে ওই তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। 

মা ও মেয়ের লাশ ছিল বিছানায়; আর ছেলের লাশ মেঝেতে পড়ে ছিল। লাশগুলো  ফুলতে শুরু করেছিল বলে দিন দুই আগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছিলেন পুলিশ কর্মকর্তারা।

উত্তরখান থানার ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রশ্মির গলার বাঁ থেকে ডান দিকে ধারালো অস্ত্রের পোচ ছিল। পাশেই পড়ে ছিল একটি রক্তমাখা বটি।

Image
যমুনা টেলিভিশনের স্ক্রিনশট

যমুনা টেলিভিশনের স্ক্রিনশট

ঘরের দুই জায়গায় দুটো চিরকুট পাওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। দুই চিরকুটের বক্তব্য একই, তবে হাতের লেখা আলাদা। 

তাতে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমাদের ভাগ্য এবং আমাদের আত্মীয় স্বজনের অবহেলা দায়ী। আমাদের মৃত্যুর পর আমাদের সম্পত্তি দান করা হোক।’

পুলিশের দক্ষিণখান জোনের সহকারী কমিশনার এফএম ফয়সল বলেন,  “আমাদের মনে হয়েছে, একটি চিরকুট ছেলের হাতে লেখা, অন্যটি মায়ের। তবে লেখাগুলো আসলেই তাদের কিনা, তা যাচাই করে দেখা হবে।”

মহিব হাসান রশ্মিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের জগন্নাথপুরে। তার বাবা ইকবাল হোসেন মারা গেছেন কিছুদিন আগে। মে মাসের শুরুতে মা আর বোনকে নিয়ে উত্তরখানের ওই একতলা বাসার চারটি ফ্ল্যাটের একটিতে ওঠেন রশ্নি।  

Image
যমুনা টেলিভিশনের স্ক্রিনশট

যমুনা টেলিভিশনের স্ক্রিনশট

জাহানারার ভাই মনিরুল হক হাসপাতালের মর্গে সাংবাদিকদের বলেন, তার বোন জামাই বিআরডিবিতে চাকরি করতেন। মূলত তার মৃত্যুতে পরিবারে হতাশা নেমে আসে।

এ মাসের শুরুতে ৪০তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন রশ্মি। এমবিএ শেষ করার পরও তিনি চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলেন বলে তার মামার ভাষ্য।

উত্তরখানের ওসি খলিলুর রহমান জানান, দিন দশেক আগে রশ্মি ফেইসবুকে হতাশা প্রকাশ করে একটি পোস্ট দেন। সেখানে লেখা ছিল, ‘জীবনের জন্য টাকা আর টাকাই সব’।

ওই বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল জানিয়ে ওসি বলেন,  তিনজনকে হত্যা করে বাইরে থেকে দরজা বন্ধ করার মত কোনো আলামত তারা পাননি।

Image
যমুনা টেলিভিশনের স্ক্রিনশট

যমুনা টেলিভিশনের স্ক্রিনশট

“পরিবারের গৃহকর্তার অকস্মিক মৃত্যুর পর পেনশনের টাকা পাওয়া নিয়ে জটিলতায় ছিল পরিবারটি। এক সন্তান প্রতিবন্ধী হওয়ায় এবং আরেক সন্তানের চাকরি না হওয়ায় অনটন আর হতাশা হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারে।”

তবে তারা সত্যিই আত্মহত্যা করেছেন, না কি তাদের হত্যা করা হয়েছে- সে বিষয়টি পুলিশ আরও তদন্ত করে দেখবে বলে জানান ওসি।

আর ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ বলেন, মৃত্যুর বিষয়ে প্রকৃত তথ্য পেতে ভিসেরা প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।